কলকাতা – যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের রাতের নিরাপত্তা জোরদার করতে এবং বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে একাধিক নতুন নির্দেশিকা জারি করল কর্তৃপক্ষ। ১৪ সেপ্টেম্বর জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাত ৮টার পর বৈধ কারণ বা অনুমতি ছাড়া ক্যাম্পাসে থাকা ব্যক্তিদের ‘ট্রেসপাসার’ হিসেবে গণ্য করা হবে। প্রয়োজন অনুযায়ী তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপও করা হতে পারে।
নতুন নিয়ম অনুযায়ী, সন্ধ্যা ৭টা থেকে পরদিন সকাল ৭টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে হলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখা বাধ্যতামূলক। রবিবার ও অন্যান্য ছুটির দিনেও একই নিয়ম কার্যকর থাকবে। বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র না থাকলে অন্য কোনও বৈধ পরিচয়পত্র দেখাতে হবে। পাশাপাশি, কার সঙ্গে দেখা করতে ক্যাম্পাসে প্রবেশ করা হচ্ছে, তাঁর নাম ও যোগাযোগের নম্বর-সহ প্রয়োজনীয় তথ্য গেটের রেজিস্টারে নথিভুক্ত করতে হবে।
ক্যাম্পাসে প্রবেশকারী দুই ও চার চাকার গাড়ির ক্ষেত্রেও নতুন নিয়ম চালু করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পার্কিং স্টিকার থাকা বাধ্যতামূলক করা হয়েছে। স্টিকার না থাকলে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর গেটে নথিভুক্ত করতে হবে।
নিরাপত্তারক্ষীদের প্রয়োজন মনে হলে গাড়ির চালক ও যাত্রীদের বৈধ পরিচয়পত্র দেখতে চাইতে পারবেন। রাতের নিরাপত্তা এবং ক্যাম্পাসে অননুমোদিত প্রবেশ নিয়ন্ত্রণের লক্ষ্যেই এই নিয়মগুলি কার্যকর করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।




















