বিনোদন -;সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শুটিংয়ের সময় পিচ ক্ষতিগ্রস্ত হওয়ার যুক্তি দেখিয়েও শাস্তি এড়াতে পারল না ইংল্যান্ডের কাউন্টি ক্লাব লেস্টারশায়ার। কাউন্টি চ্যাম্পিয়নশিপে পিচ সংক্রান্ত নিয়ম ভাঙার দায়ে ক্রিকেট ডিসিপ্লিন প্যানেল ক্লাবটির ২৭ পয়েন্ট কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি ৫ হাজার পাউন্ড জরিমানাও করা হয়েছে। এই শাস্তির ফলে কাউন্টি চ্যাম্পিয়নশিপের প্রথম ডিভিশন থেকে লেস্টারশায়ারের অবনমনের আশঙ্কা তৈরি হয়েছে।
গত ২০ থেকে ২৩ অগস্ট গ্রেস রোডে গ্ল্যামরগনের বিরুদ্ধে ম্যাচ খেলেছিল লেস্টারশায়ার। ৪২ রানে ম্যাচটি জিতলেও পরে পিচের মান নিয়ে প্রশ্ন ওঠে। ক্রিকেট রেগুলেটরের অভিযোগ, ওই ম্যাচের জন্য ব্যবহৃত বাইশ গজ নির্ধারিত মানের তুলনায় অত্যন্ত নিম্নমানের ছিল। বিষয়টি খতিয়ে দেখে শৃঙ্খলাভঙ্গের দায়ে শাস্তির সিদ্ধান্ত নেয় ক্রিকেট ডিসিপ্লিন প্যানেল।
শাস্তির ফলে ম্যাচ জিতে অর্জন করা ১৯ পয়েন্ট পুরোপুরি বাতিল হয়েছে। এর পাশাপাশি আরও ৮ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। অর্থাৎ মোট ২৭ পয়েন্ট হারিয়েছে লেস্টারশায়ার। শুধু তাই নয়, ২০২৭ মরসুমের শেষ পর্যন্ত আরও ৮ পয়েন্ট কেটে নেওয়ার সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হয়েছে। ফলে সামগ্রিকভাবে পয়েন্ট তালিকায় লেস্টারশায়ারের অবস্থান আরও চাপে পড়েছে।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শুটিংকে ঘিরে পিচ ক্ষতির বিষয়টি সামনে এলেও, সেই কারণ শাস্তি থেকে ক্লাবকে রেহাই দিতে পারেনি। এখন পয়েন্ট কাটার প্রভাবেই প্রথম ডিভিশনে নিজেদের জায়গা ধরে রাখার লড়াই আরও কঠিন হয়ে গেল লেস্টারশায়ারের।



















