দেবীপক্ষের আগেই মহাকরণে ফিরছে প্রশাসনের একাংশ! ১০ অক্টোবর থেকে মুখ্যমন্ত্রী-সহ মন্ত্রী ও শীর্ষ আধিকারিকদের কাজ শুরুর প্রস্তুতি

দেবীপক্ষের আগেই মহাকরণে ফিরছে প্রশাসনের একাংশ! ১০ অক্টোবর থেকে মুখ্যমন্ত্রী-সহ মন্ত্রী ও শীর্ষ আধিকারিকদের কাজ শুরুর প্রস্তুতি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা: দেবীপক্ষ শুরুর আগেই মহাকরণে ফিরতে চলেছে রাজ্য প্রশাসনের একাংশ। সব কিছু পরিকল্পনামাফিক এগোলে আগামী ৯ অক্টোবরের মধ্যে মহাকরণের সংস্কার ও অফিস তৈরির বাকি কাজ শেষ করে ভবনটি রাজ্য সরকারের হাতে তুলে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এরপর মহালয়ার দিন, ১০ অক্টোবর থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ মন্ত্রী এবং প্রশাসনের শীর্ষ আধিকারিকদের নির্দিষ্ট ঘর ও অফিস থেকে কাজ শুরুর বন্দোবস্ত সম্পূর্ণ করার কথা পূর্ত দফতরের।

মহাকরণের সংস্কারের কাজ বর্তমানে কোন পর্যায়ে রয়েছে, তা নিয়ে সম্প্রতি দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন পূর্তমন্ত্রী অজয় পোদ্দার। সূত্রের খবর, বৈঠকে তিনি বাকি কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন। নির্ধারিত সময়সীমার মধ্যে সংস্কার ও অফিস তৈরির কাজ শেষ করে ৯ অক্টোবর প্রশাসনের হাতে ভবনের দায়িত্ব তুলে দেওয়ার লক্ষ্যেই এখন জোরকদমে কাজ চলছে।

পূর্ত দফতর সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী ছাড়াও মহাকরণে বসবেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ, পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল, পর্যটন ও পরিষদীয় মন্ত্রী শংকর ঘোষ, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় এবং পূর্তমন্ত্রী অজয় পোদ্দার। পাশাপাশি মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং রাজ্য পুলিশের ডিজির জন্যও অফিস প্রস্তুত করা হচ্ছে। ফলে মুখ্যমন্ত্রীর সচিবালয়-সহ প্রশাসনের গুরুত্বপূর্ণ কয়েকটি দফতর ফের মহাকরণে চালু করার প্রস্তুতি এখন প্রায় শেষ পর্যায়ে।

তবে মহাকরণে ইতিমধ্যেই পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রী উমেশ রায় এবং আইন প্রতিমন্ত্রী বিরাজ বিশ্বাসের জন্য নির্দিষ্ট ঘর রয়েছে। নতুন করে মুখ্যমন্ত্রী ও ছয় মন্ত্রীর দফতর চালু হলেও ওই দুই প্রতিমন্ত্রী তাঁদের বরাদ্দ ঘর থেকেই কাজ চালিয়ে যেতে পারবেন বলে জানা গিয়েছে। ফলে দীর্ঘদিন পর মহাকরণে প্রশাসনিক কাজকর্ম ফের সক্রিয় করার প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top