ভরসন্ধ্যায় বোলপুরে বিজেপি নেতাকে গুলি করে খুন! পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাথায় গুলি, পরপর হামলায় চাঞ্চল্য

ভরসন্ধ্যায় বোলপুরে বিজেপি নেতাকে গুলি করে খুন! পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাথায় গুলি, পরপর হামলায় চাঞ্চল্য

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বোলপুর: ভরসন্ধ্যায় প্রকাশ্যে গুলি করে খুনের অভিযোগ বিজেপির বুথ সভাপতিকে। বীরভূমের বোলপুরের ত্রিশুলাপট্টি এলাকায় রবিবার সন্ধ্যায় এই ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। নিহতের নাম চন্দন ভল্লা। তিনি বোলপুরের ১১ নম্বর ওয়ার্ডের একটি বুথের বিজেপি সভাপতি ছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, খুব কাছ থেকে মাথায় গুলি করা হয় তাঁকে।

পরিবারের দাবি, সন্ধ্যায় একটি ফোন পেয়ে চন্দন বাড়ি থেকে বেরিয়েছিলেন। ত্রিশুলাপট্টি এলাকায় পৌঁছনোর পর বাইকে করে আসা দুই মুখঢাকা দুষ্কৃতী তাঁর পথ আটকায় বলে অভিযোগ। এরপর খুব কাছ থেকে তাঁকে গুলি করে বাইকে চেপে পালিয়ে যায় হামলাকারীরা। গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা তাঁকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

চন্দনের পরিবারের তরফে রাজনৈতিক শত্রুতার অভিযোগ তোলা হয়েছে। তবে হত্যার প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। রাজনৈতিক বিরোধের পাশাপাশি ব্যক্তিগত শত্রুতা বা অন্য কোনও কারণ রয়েছে কি না, সব দিক খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থল থেকে তথ্য সংগ্রহের পাশাপাশি আততায়ী শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে।

এর মধ্যেই শনিবার পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের হাতিহলকা এলাকায় বিজেপি কর্মী সামশের বিশ্বাসকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছিল। ঘটনায় আরও দুই বিজেপি কর্মী আহত হন এবং তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। হামলার সিসিটিভি ফুটেজ সামনে আসার পর তা খতিয়ে দেখে তদন্ত শুরু করে পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top