SRFTI-তে বহিরাগত হামলার পর হাসপাতালে একাধিক পড়ুয়া! নিরাপত্তার দাবিতে ছাত্র সংগঠনের বিক্ষোভ, ক্যাম্পাসে চরম আতঙ্ক

SRFTI-তে বহিরাগত হামলার পর হাসপাতালে একাধিক পড়ুয়া! নিরাপত্তার দাবিতে ছাত্র সংগঠনের বিক্ষোভ, ক্যাম্পাসে চরম আতঙ্ক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা: সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের (SRFTI) ক্যাম্পাসে বহিরাগতদের হামলার অভিযোগ ঘিরে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। ইটের আঘাত ও মারধরের ঘটনায় একাধিক পড়ুয়া আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর থেকেই ক্যাম্পাসের ভিতরে পড়ুয়াদের মধ্যে আতঙ্ক ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী কর্মসূচি নিয়ে ভাবার পরিবর্তে আপাতত নিজেদের নিরাপত্তা নিয়েই উদ্বিগ্ন তাঁরা।

সাংবাদিক বৈঠকে ছাত্র প্রতিনিধিরা অভিযোগ করেন, ক্যাম্পাসে একটি বিতর্কিত রাজনৈতিক সংগঠনকে অনুষ্ঠান করার অনুমতি দেওয়ার আগে পড়ুয়াদের সঙ্গে প্রশাসনের তরফে কোনও আলোচনা বা পরামর্শ করা হয়নি। তাঁদের দাবি, পড়ুয়ারা যে এই সিদ্ধান্তের বিরোধিতা করতে পারেন, তা প্রশাসন জানত। তা সত্ত্বেও একতরফাভাবে অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হয় বলে অভিযোগ ছাত্র প্রতিনিধিদের।

হামলার পর একাধিক পড়ুয়া হাসপাতালে ভর্তি হওয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ছাত্রদের অভিযোগ, রাতের দিকে ফের বহিরাগতরা ক্যাম্পাসে ঢুকে হামলা চালাতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে। ফলে নিরাপত্তাহীনতায় ভুগছেন পড়ুয়ারা। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। তাঁদের অভিযোগ, এমন পরিস্থিতিতে ক্যাম্পাসে পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করার মতো পর্যাপ্ত ব্যবস্থা দেখা যাচ্ছে না।

ঘটনার প্রতিবাদে এবং পড়ুয়াদের নিরাপত্তার দাবিতে ছাত্র সংগঠনের তরফে বিক্ষোভও শুরু হয়েছে। হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা, ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ বন্ধ এবং আহত পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি উঠেছে। ছাত্র প্রতিনিধিদের বক্তব্য, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাঁদের প্রধান দাবি একটাই—ক্যাম্পাসে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top