কাঁকিনাড়া:
পরপর দু’দিনে পরপর বিস্ফোরক মন্তব্য রাজ্যের শ্রম ও পরিবহনমন্ত্রী অর্জুন সিংয়ের। সোমবার ‘খানিকক্ষণ ব্ল্যাকআউট করে দেওয়ার’ কথা বলার পর মঙ্গলবার কাঁকিনাড়ার পানপুর মোড়ে দলীয় কর্মীসভা থেকে ‘অতি বামপন্থী’ এবং যাঁদের তিনি ‘দেশদ্রোহী’ বলে উল্লেখ করেছেন, তাঁদের বিরুদ্ধে ‘কার্বলিক অ্যাসিড’ ব্যবহারের কথা বলেন তিনি। তাঁর বক্তব্য, মুখ্যমন্ত্রী ভদ্রলোক বলেই আইনের পথে সমস্যার সমাধান করতে চাইছেন। তবে তাঁর দাবি, পাকিস্তানের স্লোগান দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ প্রয়োজন।
অর্জুন সিং বলেন, বামপন্থীরা কোনওদিন দেশের ভালো চায়নি। তাঁর অভিযোগ, তাঁরা বাবা-মাকে শ্রদ্ধা না করে কার্ল মার্কস ও লেনিনের নামে স্লোগান দেন। এরপরই তিনি বলেন, কার্বলিক অ্যাসিড যেমন সাপ তাড়াতে ব্যবহার করা হয়, তেমনই তাঁর মতে ‘অতিবামপন্থী’দের বিরুদ্ধেও তা ব্যবহার করা উচিত। পাশাপাশি তিনি দাবি করেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আইন মেনেই সমস্যার সমাধান করতে চাইছেন।
এদিনের সভা থেকে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে ডিম ছোড়ার ঘটনাকেও কটাক্ষ করেন পরিবহনমন্ত্রী। তিনি প্রশ্ন তোলেন, এমন কোনও ডিম রয়েছে কি না, যা ছুড়লে গাড়ির কাচ ভেঙে যায় বা কাউকে খুন করা যায়। এমন দাবির কথা শুনে তিনি ‘তাজ্জব’ হয়েছেন বলেও মন্তব্য করেন। অর্জুন সিংয়ের পরপর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।



















