কলকাতা:
পরপর দু’দিন হামলার অভিযোগের মধ্যেই বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের বাড়িতে পৌঁছল পুলিশ। সোমবার রাতে বেলেঘাটায় তাঁর বাড়িতে গিয়ে বেশ কিছুক্ষণ বিধায়কের সঙ্গে কথা বলেন পুলিশ আধিকারিকরা। উত্তরপাড়ার হামলার অভিযোগের তদন্তের সূত্রেই এই জিজ্ঞাসাবাদ বলে জানা গিয়েছে। পুলিশ আধিকারিকরা কুণাল ঘোষের বয়ানও রেকর্ড করেছেন।
কুণাল ঘোষের বাড়িতে আচমকা পুলিশের উপস্থিতি ঘিরে স্বাভাবিকভাবেই শুরু হয় জোর চর্চা। ঠিক কী কারণে তাঁর বয়ান নেওয়া হল এবং তদন্তে পুলিশ কোন কোন বিষয় জানতে চাইছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যাওয়ার পথে উত্তরপাড়ায় তাঁর গাড়িতে হামলার অভিযোগ ওঠে। গাড়িতে ইট, পাথর, ডিম এবং অন্যান্য জিনিস ছোড়ার পাশাপাশি গাড়ি ভাঙচুরের অভিযোগও করেন কুণাল।
এর পর ২৪ ঘণ্টার মধ্যেই বেলেঘাটাতেও তাঁর উপর হামলার অভিযোগ তোলেন বিধায়ক। কুণাল ঘোষের দাবি, একদল বাইক আরোহী তাঁর গাড়িকে অনুসরণ করে ফুলবাগান এলাকায় ঘিরে ধরে হামলা চালায়। গাড়ির কাচ হাতুড়ি দিয়ে ভাঙার পাশাপাশি তাঁকে গাড়ি থেকে টেনে বের করার চেষ্টা এবং আগ্নেয়াস্ত্র দেখানোরও অভিযোগ করেছেন তিনি। পরিস্থিতি থেকে বাঁচতে পরে নারকেলডাঙা থানায় আশ্রয় নেন বলে জানান কুণাল। এই অভিযোগগুলি নিয়ে তদন্ত চলছে।
পরপর হামলার অভিযোগের পর সোমবার মানবাধিকার কমিশনেও অভিযোগ জানান বেলেঘাটার বিধায়ক। কুণাল ঘোষের দাবি, আগামী ৩০ সেপ্টেম্বর এই বিষয়ে শুনানি রয়েছে। কলকাতা ও চন্দননগরের পুলিশ কমিশনার এবং নারকেলডাঙা ও উত্তরপাড়া থানার ওসিদের শুনানিতে তলব করা হয়েছে বলেও তিনি দাবি করেছেন। এদিকে, হামলার অভিযোগের তদন্তে এবার বিধায়কের বাড়িতে গিয়ে তাঁর বয়ান রেকর্ড করায় ঘটনাটি নতুন করে আলোচনায় এসেছে।




















