নয়াদিল্লি
নতুন ভোটারদের ভোটার তালিকায় নাম তোলার প্রক্রিয়ায় বড় পরিবর্তন করল জাতীয় নির্বাচন কমিশন। বুধবার থেকে ECINET পোর্টালে ফেরানো হল ফর্ম ৬-এর আগের কাঠামো। যে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিশেষ নিবিড় সংশোধন বা SIR-এর প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে, সেখানে নতুন আবেদনকারীদের আর SIR-সংক্রান্ত অতিরিক্ত স্বঘোষণাপত্র জমা দিতে হবে না।
নতুন ভোটার হিসেবে তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য মূলত ফর্ম ৬ ব্যবহার করা হয়। SIR চলাকালীন এই ফর্মের সঙ্গে অতিরিক্ত ঘোষণাপত্র যুক্ত করা হয়েছিল, যেখানে আবেদনকারীকে নিজের বা বাবা-মা কিংবা দাদা-দিদার আগের ভোটার তালিকার তথ্যের সঙ্গে যোগসূত্র দেখানোর প্রয়োজন হত। এবার SIR শেষ হয়ে যাওয়া এলাকাগুলিতে সেই অতিরিক্ত ঘোষণাপত্রের প্রয়োজনীয়তা তুলে নেওয়া হয়েছে।
তবে যে সমস্ত রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে এখনও SIR-এর প্রক্রিয়া চলছে, সেখানে এই অতিরিক্ত ঘোষণাপত্রের নিয়ম আপাতত বহাল রয়েছে। অর্থাৎ SIR শেষ হয়েছে এমন জায়গায় নতুন ভোটারদের ক্ষেত্রে সাধারণ ফর্ম ৬-ই যথেষ্ট হবে, আর SIR চলমান এলাকায় সংশ্লিষ্ট অতিরিক্ত নথি জমা দেওয়ার নিয়ম কার্যকর থাকবে।
ফর্ম ৬-কে ঘিরে বিতর্কও তৈরি হয়েছিল। নির্বাচন কমিশনার বিবেক জোশী এবং সুখবীর সিং সান্ধু তাঁদের আপত্তিতে ফর্মের সঙ্গে অতিরিক্ত ঘোষণাপত্র যুক্ত করার আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বলে একাধিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাঁদের বক্তব্য ছিল, নির্ধারিত নিয়ম পরিবর্তনের জন্য সংশ্লিষ্ট বিধিতে প্রয়োজনীয় সংশোধন দরকার।
অন্যদিকে নির্বাচন কমিশনের বক্তব্য, মূল বিধিবদ্ধ ফর্ম ৬ পরিবর্তন করা হয়নি; SIR প্রক্রিয়ার সময় তার সঙ্গে একটি পৃথক Annexure বা ঘোষণাপত্র সংযুক্ত করা হয়েছিল। কমিশনের তরফে আরও জানানো হয়েছে, SIR শেষ হয়ে গেলে ওই অতিরিক্ত ঘোষণাপত্র আর প্রয়োজন হবে না।
ফলে SIR-কে ঘিরে রাজনৈতিক ও আইনি বিতর্কের মধ্যেই নতুন ভোটারদের আবেদন প্রক্রিয়ায় এই পরিবর্তন তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে পশ্চিমবঙ্গ-সহ যে সব জায়গায় SIR-পরবর্তী পর্যায়ে ভোটার তালিকায় নতুন করে নাম তোলার আবেদন হবে, সেখানে আবেদনকারীদের জন্য ফর্ম ৬-এর প্রক্রিয়া তুলনামূলকভাবে সরল হচ্ছে।




















