ডানকুনি
পথ দুর্ঘটনার কবলে পড়লেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। ডানকুনি টোল প্লাজার সামনে তাঁর গাড়িতে পিছন থেকে একটি লরি ধাক্কা মারে বলে জানা গিয়েছে। দুর্ঘটনায় গাড়িটির পিছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে স্বস্তির খবর, শতরূপ ঘোষ সুস্থ আছেন এবং তাঁর কোনও গুরুতর আঘাত লাগেনি বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, এদিন বাঁকুড়ার সোনামুখীর দিকে যাওয়ার পথে ডানকুনি টোল প্লাজার সামনে দুর্ঘটনাটি ঘটে। আচমকা লরির ধাক্কায় শতরূপ ঘোষের গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
তবে এই প্রথম নয়, এর আগেও গাড়ি দুর্ঘটনার মুখে পড়েছিলেন সিপিএম নেতা। ২০২৩ সালে আলিপুর রোডের একটি সিগন্যালে গাড়ি দাঁড়িয়ে থাকার সময় পিছন দিক থেকে একটি গাড়ি এসে তাঁর গাড়িতে ধাক্কা মেরেছিল। সেই ঘটনাতেও বড়সড় বিপদ এড়িয়েছিলেন তিনি।
এবারও দুর্ঘটনার পর শতরূপ ঘোষ সুস্থ থাকায় স্বস্তি ফিরেছে তাঁর সহকর্মী ও পরিচিতদের মধ্যে। ডানকুনিতে লরির ধাক্কায় কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা নিয়ে বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি।




















