কলকাতা:
মেট্রোপলিটন বাইপাস সংলগ্ন এলাকায় জলাজমি ভরাট করে ধাবা ও বহুতল আবাসন নির্মাণের অভিযোগ খতিয়ে দেখতে সরেজমিনে তদন্ত শুরু করল রাজ্যের প্রাতিষ্ঠানিক দুর্নীতি দমন কমিশন। কলকাতা পুরসভার ৫৭ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর জীবন সাহার বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে শুক্রবার কমিশনের পুলিশকর্তা কে জয়রামনের নেতৃত্বে একটি তদন্তকারী দল সংশ্লিষ্ট এলাকায় পৌঁছয়।
অভিযোগ, খাল ও নয়ানজুলি বুজিয়ে ওই এলাকায় ধাবা-সহ একাধিক নির্মাণ করা হয়েছে। তদন্তের সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন কমিশনের আধিকারিকরা। তাঁদের কাছে এলাকার জমি ভরাট ও নির্মাণ সংক্রান্ত বিভিন্ন অভিযোগের কথা শোনেন তদন্তকারীরা।
স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, জীবন সাহা আরও কয়েকটি জায়গায় জলাজমি ভরাট করে বাড়ি ও বহুতল নির্মাণ করেছেন। পাশাপাশি, প্রাক্তন কাউন্সিলর ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে জোর করে জমি নিজেদের নামে লিখিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে। যদিও এই অভিযোগগুলির সত্যতা এখনও তদন্তসাপেক্ষ। বাসিন্দাদের অভিযোগগুলি লিখিতভাবে জমা দেওয়ার জন্য কমিশনের তরফে অনুরোধ জানানো হয়েছে।
কমিশন সূত্রে জানা গিয়েছে, বাইপাস সংলগ্ন পাঁচটি প্লট নিয়ে ইতিমধ্যেই অভিযোগ জমা পড়েছে। শুক্রবার ওই জায়গাগুলি ঘুরে দেখেন তদন্তকারীরা। নির্মাণের ধরন, জমির প্রকৃতি এবং কোথায় কতটা জমি ভরাট করা হয়েছে, সে সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়।
সংগৃহীত তথ্য কলকাতা পুরসভার নথির সঙ্গে মিলিয়ে দেখার পরিকল্পনা রয়েছে তদন্তকারীদের। প্রয়োজন হলে সংশ্লিষ্ট অন্যান্য দফতরের কাছ থেকেও নথি ও তথ্য সংগ্রহ করা হতে পারে। জলাজমি ভরাট এবং জমি সংক্রান্ত অভিযোগগুলির প্রকৃত সত্যতা নথি খতিয়ে দেখার পরই স্পষ্ট হবে।




















