রিয়াধ: মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে ফের ভয়াবহ হামলা। সৌদি আরবের রাজধানী রিয়াধের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু হয়েছে ১২ জনের। আহত হয়েছেন ৩০৯ জন, যাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবারের এই হামলার কথা রবিবার জানিয়েছে সৌদি আরবের অসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষ। ঘটনায় কড়া নিন্দা জানিয়েছে ভারত।
সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বিমানবন্দরের ৩ ও ৪ নম্বর টার্মিনাল সংলগ্ন এলাকায় আঘাত হানে ক্ষেপণাস্ত্র। এই দুটি টার্মিনাল মূলত অভ্যন্তরীণ উড়ানের জন্য ব্যবহৃত হয়। হামলার জেরে বিমানবন্দরের পরিকাঠামোর ক্ষতি হয়েছে। নিরাপত্তার কারণে সাময়িকভাবে বিমান চলাচলও বন্ধ রাখা হয়।
নিহতদের মধ্যে চারজন সৌদি আরবের নাগরিক এবং দু’জন বাংলাদেশের নাগরিক। এছাড়া প্যালেস্তাইন, আমেরিকা, মিশর, জর্ডন, সিরিয়া ও সুদানের একজন করে নাগরিকের মৃত্যু হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে। তাঁদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা সঙ্কটজনক বলে জানা গিয়েছে।
হামলার নেপথ্যে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হাত রয়েছে বলে অভিযোগ তুলেছে সৌদি নেতৃত্বাধীন জোট। তবে হামলার পরপরই হুথিরা এর দায় স্বীকার করেনি বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। সাম্প্রতিক সময়ে সৌদি আরব ও ইয়েমেনের হুথিদের মধ্যে সংঘর্ষ তীব্র হওয়ায় এই হামলাকে কেন্দ্র করে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।
এই ঘটনার তীব্র নিন্দা করেছে ভারত। বিদেশ মন্ত্রকের বক্তব্য, সাধারণ নাগরিক ও অসামরিক পরিকাঠামোর উপর বারবার হামলা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে এই ধরনের হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে নয়াদিল্লি। পাশাপাশি সৌদি আরবের সরকার ও জনগণের পাশে থাকার বার্তাও দিয়েছে ভারত।




















