জাতীয় পতাকা ওড়ানোর জন্যই কি জেল? সিজেপি নেতাদের হেফাজত বাড়ানোয় প্রশ্ন অভিষেকের

জাতীয় পতাকা ওড়ানোর জন্যই কি জেল? সিজেপি নেতাদের হেফাজত বাড়ানোয় প্রশ্ন অভিষেকের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



নয়াদিল্লি: ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের জেল হেফাজতের মেয়াদ আরও দু’দিন বাড়ানোর নির্দেশ দিল আদালত। সোমবার সূত্রের খবর, দিল্লি পুলিশের আবেদনে সাড়া দিয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন ম্যাজিস্ট্রেট। আগামী বুধবার দুই নেতাকে ফের ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করানো হবে বলে জানা গিয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেলে তিনি প্রশ্ন তুলেছেন, জাতীয় পতাকা ওড়ানোর জন্যই যদি কোনও নাগরিককে বিচারবিভাগীয় হেফাজতে থাকতে হয়, তা হলে দেশের গণতান্ত্রিক ব্যবস্থার অবস্থান কোথায় দাঁড়িয়ে?

অভিষেক লেখেন, “জাতীয় পতাকা আমাদের স্বাধীনতার প্রতীক। অথচ সেই পতাকা ওড়ানোর জন্যই কোনও নাগরিককে সাত দিনের বিচারবিভাগীয় হেফাজতে থাকতে হতে পারে। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের কাছে এর চেয়ে মর্মান্তিক পরিহাস আর কী হতে পারে!”

এরপরই তিনি দেশের স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্ন এবং সংবিধানের প্রতিশ্রুতির প্রসঙ্গ তুলে ধরেন। অভিষেকের কথায়, “নিশ্চয়ই এটি সেই ভারত নয়, যে ভারতের স্বপ্ন দেখেছিলেন আমাদের স্বাধীনতা সংগ্রামীরা। এ তো সেই ভারতও নয়, যার প্রতিশ্রুতি দেয় আমাদের সংবিধান।”

তিনি আরও প্রশ্ন তোলেন, স্বাধীনতার প্রতীকই যখন শাস্তির কারণ হয়ে দাঁড়ায়, তখন নাগরিকদের স্বাধীনতা, নির্বাচনের স্বচ্ছতা এবং বিচারব্যবস্থার স্বাধীনতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। তাঁর বক্তব্য, ভারত এর চেয়ে অনেক ভালো কিছু পাওয়ার যোগ্য এবং প্রজাতন্ত্রকে রক্ষা করতে প্রত্যেক নাগরিককেই এগিয়ে আসতে হবে।

সিজেপি নেতাদের হেফাজতের মেয়াদ বাড়ানোকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক আরও জোরালো হয়েছে। তবে এই ঘটনায় আদালতের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন নজর রয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top