স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজকে সামনে রেখে প্রস্তুতি শুরু করতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। আগামী ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির ক্ষেত্রেও এই সিরিজ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে দল নির্বাচনে প্রসিদ্ধ কৃষ্ণার অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন তুললেন ভারতের প্রাক্তন ওপেনার সদগোপান রমেশ। চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের মাঝপথে ছিটকে যাওয়া এই পেসারকে নিউজিল্যান্ড সফরের ওয়ানডে ও টেস্ট দলে রাখা হয়েছে। তাঁর ফিটনেস নিয়ে সংশয় থাকায় নির্বাচকদের সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন রমেশ।
প্রসিদ্ধ কৃষ্ণার দলে সুযোগ পাওয়ার বিষয়টি নিয়েই আপত্তি প্রাক্তন ভারতীয় ওপেনারের। তাঁর বক্তব্য, যদি টেস্ট সিরিজ শুরুর আগে প্রসিদ্ধের ফিটনেস নিয়ে অনিশ্চয়তা থাকে, তা হলে তার আগেই শুরু হতে চলা ওয়ানডে সিরিজে তিনি কীভাবে খেলতে পারবেন, সেই প্রশ্ন থেকেই যায়।
সদগোপান রমেশ বলেন, “প্রসিদ্ধ কৃষ্ণাকে প্রথম তিনটি ওয়ানডে এবং টেস্ট সিরিজের জন্য দলে নেওয়া হয়েছে, তবে তা নির্ভর করছে তাঁর ফিটনেস ছাড়পত্রের উপর। আমার একটিই প্রশ্ন: যদি এক মাস পর শুরু হতে যাওয়া টেস্ট ম্যাচের জন্য তাঁর ফিটনেস ছাড়পত্র পাওয়ার বিষয়টিই অনিশ্চিত থাকে, অর্থাৎ টেস্টের সময় তিনি আদৌ ফিট থাকবেন কি না, তা নিয়ে সংশয় থাকে—তবে টেস্টের দুই সপ্তাহ আগে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম তিনটি ওয়ানডের জন্য তিনি কীভাবে ফিট থাকবেন?”
প্রসিদ্ধ কৃষ্ণার ফিটনেস নিয়ে এই প্রশ্নের মধ্য দিয়ে দল নির্বাচনের পদ্ধতি নিয়েও আলোচনা উসকে দিয়েছেন রমেশ। চোট থেকে ফেরা কোনও ক্রিকেটারকে দলে রাখার ক্ষেত্রে তাঁর শারীরিক অবস্থা এবং মাঠে নামার প্রস্তুতি কতটা নিশ্চিত, তা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন প্রাক্তন ওপেনার।
এখন দেখার, নিউজিল্যান্ড সফরের আগে প্রসিদ্ধ কৃষ্ণা ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মাঠে নামার ছাড়পত্র পান কি না। তাঁর চোটের পরিস্থিতি এবং নির্বাচকদের সিদ্ধান্তের দিকে নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।




















