বর্ধমান: থানায় কালীপুজো করার পক্ষে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। বর্ধমানে এই প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করে সমালোচকদের জবাব দিলেন তিনি। মন্ত্রীর দাবি, অকারণে কিছু মানুষ এই বিষয়টি নিয়ে বিতর্ক তৈরির চেষ্টা করছেন।
জগন্নাথ চট্টোপাধ্যায়ের বক্তব্য, বিধায়ক বা মন্ত্রী হওয়া সাময়িক পরিচয়। কিন্তু হিন্দু পরিবারে জন্ম এবং ছোটবেলা থেকে হিন্দুত্বের ভাবধারায় বড় হয়ে ওঠাই তাঁর স্থায়ী পরিচয়। নিজেকে ঈশ্বরবিশ্বাসী বলেও উল্লেখ করেন তিনি। সেই বিশ্বাস থেকেই থানায় কালীপুজোর কথা বলেছেন বলে জানান মন্ত্রী। তাঁর প্রশ্ন, ঈশ্বরে বিশ্বাসী একজন মানুষ হিসেবে তিনি কি থানায় আজান দেওয়ার কথা বলবেন? তাই থানায় কালীপুজোর পক্ষে কথা বলে তিনি কোনও ভুল করেননি বলেও দাবি করেন।
মন্ত্রী হিসেবে সংবিধান মেনে এমন মন্তব্য করা যায় কি না, সেই প্রশ্নেরও জবাব দিয়েছেন তিনি। জগন্নাথ চট্টোপাধ্যায়ের বক্তব্য, সংবিধানের তৃতীয় তফসিল অনুযায়ী মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেওয়ার সময় তিনি ঈশ্বরের নামে শপথ করেছেন এবং সংবিধানের প্রতি আস্থা ও আনুগত্য প্রকাশ করেছেন। সেই প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ঈশ্বরের নামেই তিনি সংবিধানের প্রতি আনুগত্যের শপথ নিয়েছেন।




















