কলকাতা: রাজ্যে পালাবদলের ছয় মাসের মধ্যেই একের পর এক ক্ষেত্রে পরিবর্তনের ছাপ স্পষ্ট হচ্ছে। এবার সেই পরিবর্তনের প্রভাব পড়ল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF) লোগোতেও। পুরনো লাল-সাদা রং সরিয়ে নতুন লোগোয় জায়গা পেল কালো ও গেরুয়া। রবিবার, ১ নভেম্বর বিকেলে এক সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিকভাবে নতুন লোগোর উন্মোচন করা হয়।
রাজ্যে ১৫ বছরের তৃণমূল সরকারের পতনের পর ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন শুভেন্দু অধিকারী। নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। বিশ্ববাংলা-সংক্রান্ত ব্যানার ও পোস্টার সরানো থেকে শুরু করে বিনোদন জগতের বিভিন্ন ক্ষেত্রেও বদলের আবহ তৈরি হয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
নতুন লোগো উন্মোচনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মিঠুন চক্রবর্তী, শিবপুরের বিধায়ক তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ, জিৎ, হিরণ চট্টোপাধ্যায়, ডক্টর সৌমিত্র মোহন, নন্দনের সিইও এবং কিফের ডিরেক্টর শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়-সহ আরও অনেকে। তাঁদের উপস্থিতিতেই প্রকাশ্যে আসে উৎসবের নতুন লোগো। লোগোটির নকশা তৈরি করেছেন কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের পুত্র তথা পরিচালক সন্দীপ রায়।
আগামী ১৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। প্রতি বছরই এই উৎসবের জন্য অপেক্ষা করে থাকেন সিনেপ্রেমীরা। তবে এবার শুধু লোগোতেই নয়, উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানেও থাকছে বড় পরিবর্তন। বিগত কয়েক বছরের প্রচলিত রীতি ভেঙে এবার উদ্বোধনী অনুষ্ঠানের স্থান বদল করা হয়েছে। ৩২তম কিফের পর্দা উঠবে ঐতিহাসিক ভিক্টোরিয়া মেমোরিয়ালে।



















