কলকাতা: মেডিক্যাল কলেজে পড়াশোনা শেষ করে চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করার পরই দায়িত্ব পালনে অনিয়মের অভিযোগ! সরকারি হাসপাতালের ইন্টার্নদের একাংশের বিরুদ্ধে টাকার বিনিময়ে নিজেদের ডিউটি অন্যকে দিয়ে করানোর অভিযোগ ঘিরে আগেই প্রশ্ন উঠেছিল। এবার সেই অভিযোগের পুনরাবৃত্তি ঠেকাতে কড়া পদক্ষেপের পথে স্বাস্থ্যদপ্তর। ইন্টার্ন, হাউসস্টাফ এবং পিজিটি চিকিৎসকদের জন্য বাধ্যতামূলক হতে চলেছে ফেস রেকগনিশন প্রযুক্তিনির্ভর বায়োমেট্রিক হাজিরা।
প্রাথমিকভাবে কলকাতার এসএসকেএম ও এনআরএস মেডিক্যাল কলেজে এই নিয়ম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্যদপ্তরের পরিকল্পনা, এই দুই প্রতিষ্ঠানে ব্যবস্থা কার্যকর হওয়ার পর পর্যায়ক্রমে রাজ্যের অন্যান্য মেডিক্যাল কলেজেও তা চালু করা হবে।
নতুন নিয়মে হাসপাতালে পৌঁছে শুধু হাজিরা খাতায় সই করলেই চলবে না। মুখের ছবি শনাক্ত করে নির্দিষ্ট যন্ত্রের মাধ্যমে উপস্থিতি নথিভুক্ত করতে হবে। একইভাবে, ডিউটি শেষ করে হাসপাতাল থেকে বেরোনোর সময়ও ওই প্রক্রিয়ায় হাজিরা দিতে হবে।
এর ফলে কোনও চিকিৎসক নির্ধারিত সময়ের আগেই কর্মস্থল ছাড়ছেন কি না, কিংবা আদৌ নিজের নির্ধারিত দায়িত্ব পালন করছেন কি না, তা যাচাই করা সহজ হবে বলে মনে করছে স্বাস্থ্যদপ্তর। সরকারি হাসপাতালের পরিষেবায় উপস্থিতি ও দায়িত্ব পালনের ক্ষেত্রে আরও নজরদারি নিশ্চিত করতেই এই উদ্যোগ।




















