অনন্তপুর: অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার রাপ্তাডুর জেলা পরিষদ হাইস্কুলে দশম শ্রেণির এক ছাত্রীর উপর ইলেকট্রিক করাত দিয়ে হামলার অভিযোগে ধৃত যুবকের উপর গুলি চালাল পুলিশ। রবিবার রাতে অপরাধের পুনর্নির্মাণের জন্য অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। পুলিশের দাবি, হেফাজত থেকে পালানোর চেষ্টা করে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীদের লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে সে। আত্মরক্ষার্থে বিশেষ পুলিশ টিম ছয় রাউন্ড গুলি চালায়।
অভিযুক্তের নাম হেমন্ত ওরফে দুম্মু। বয়স ২১ বছর। রবিবার বিকেলে অনন্তপুর জেলার আতমাকুরের ঘন জঙ্গল এলাকা থেকে বিশেষ পুলিশ টিম তাকে গ্রেফতার করে।
অনন্তপুর পুলিশ সদর দপ্তরের এক আধিকারিকের বক্তব্য অনুযায়ী, জঙ্গল থেকে গ্রেফতারের পর অপরাধের পুনর্নির্মাণের জন্য হেমন্তকে রাপ্তাডু স্কুলে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় আচমকাই সে পুলিশকর্মীদের উপর চড়াও হয় এবং হেফাজত থেকে পালানোর চেষ্টা করে। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের লক্ষ্য করে এলোপাথাড়ি পাথর ছুড়তে শুরু করে সে। এতে একাধিক পুলিশকর্মী আহত হন বলে দাবি পুলিশের।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে বিশেষ পুলিশ টিম ছয় রাউন্ড গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে হেমন্ত। পরে অর্ধচেতন অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করানো হয়। বর্তমানে পুলিশি প্রহরায় তার চিকিৎসা চলছে। হাসপাতাল সূত্রে খবর, তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।




















