ভুয়ো ডিগ্রি রুখতে বড় পদক্ষেপ, রাজ্যে ১ লক্ষ ১০ হাজার চিকিৎসকের শিক্ষাগত যোগ্যতা যাচাই করবে সরকার

ভুয়ো ডিগ্রি রুখতে বড় পদক্ষেপ, রাজ্যে ১ লক্ষ ১০ হাজার চিকিৎসকের শিক্ষাগত যোগ্যতা যাচাই করবে সরকার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা — চিকিৎসকদের ভুয়ো ডিগ্রির অভিযোগ সামনে আসতেই বড় পদক্ষেপের পথে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্য মেডিকেল কাউন্সিলে নথিভুক্ত প্রায় ১ লক্ষ ১০ হাজার চিকিৎসকের শিক্ষাগত যোগ্যতা ও শংসাপত্র যাচাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার এই সিদ্ধান্তের কথা জানান রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখার্জি।

মন্ত্রী জানিয়েছেন, ১৯৯৬ সাল থেকে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলে নথিভুক্ত সমস্ত চিকিৎসকের নথিপত্র খতিয়ে দেখা হবে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলির দেওয়া সার্টিফিকেটও পুনরায় যাচাই করা হবে। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে ‘নো ইয়োর ডক্টর’ বা ‘আপনার চিকিৎসককে জানুন’ নামে একটি কর্মসূচি চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

এই যাচাই প্রক্রিয়ায় চিকিৎসকদের যাতে অহেতুক হয়রানির মুখে পড়তে না হয়, সেদিকেও বিশেষ নজর রাখবে সরকার বলে আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

জানা গিয়েছে, দু’ভাবে সম্পন্ন হবে নথি যাচাইয়ের কাজ। চিকিৎসকরা সশরীরে উপস্থিত হয়ে প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে পারবেন। অন্যদিকে, বয়সজনিত সমস্যা, অসুস্থতা কিংবা দূরত্বের কারণে যাঁরা সরাসরি উপস্থিত হতে পারবেন না, তাঁদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগাযোগ করা হবে। গোটা প্রক্রিয়া পরিচালনার দায়িত্ব দেওয়া হবে একটি বেসরকারি সংস্থাকে।

এছাড়াও, যেসব চিকিৎসক ইতিমধ্যে প্রয়াত হয়েছেন, বিদেশে চলে গিয়েছেন অথবা ভারতে চিকিৎসা পেশা ছেড়ে দিয়েছেন, তাঁদের নাম মেডিকেল কাউন্সিলের তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিকিৎসকদের যোগ্যতা যাচাইয়ের পাশাপাশি চিকিৎসা ব্যবস্থায় স্বচ্ছতা ও সাধারণ মানুষের আস্থা বাড়াতেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top