ঝোলায় ৩৭ রকমের বই নিয়ে বাড়ি বাড়ি কমরেডরা! ১৫ নভেম্বর নতুন কর্মসূচি সিপিএমের

ঝোলায় ৩৭ রকমের বই নিয়ে বাড়ি বাড়ি কমরেডরা! ১৫ নভেম্বর নতুন কর্মসূচি সিপিএমের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা —

কাঁধে ঝোলাভর্তি বই নিয়ে এবার বাড়ি বাড়ি হাজির হবেন সিপিএম কর্মীরা। শুধু জনসংযোগ নয়, বাড়িতে গিয়ে বই বিক্রিও করবেন তাঁরা। অনেকটা কবিতার ‘রানার’-এর মতোই বইয়ের ঝোলা কাঁধে নিয়ে মানুষের দরজায় পৌঁছনোর পরিকল্পনা করেছে আলিমুদ্দিন। আগামী ১৫ নভেম্বর নভেম্বর বিপ্লব বার্ষিকী উপলক্ষে এই বিশেষ কর্মসূচি নিতে চলেছে সিপিএম। কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘বাড়ি বাড়ি বুকস্টল’।

এই কর্মসূচিতে মোট ৩৭ ধরনের বই নিয়ে বাড়ি বাড়ি যাবেন দলের কর্মীরা। বইয়ের তালিকায় রয়েছে বিবেকানন্দ, শ্রীচৈতন্য, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও সুকান্ত ভট্টাচার্যের লেখা। পাশাপাশি থাকছে হরকিষেণ সিং সুরজিৎ এবং সীতারাম ইয়েচুরির বইও। চিহ্নিত করা ৩৭টি বইয়ের মধ্যে ১০টি বুকলেট একেবারে নতুন।

সিপিএমের এই কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। দলের কেন্দ্রীয় কমিটির সদস্য তথা প্রাক্তন বিধায়ক সুজন চক্রবর্তী বলেন, রাজ্যের শাসকদল প্রতিবাদ, মানুষ এবং বইকে ভয় পাচ্ছে। তাঁর অভিযোগ, বুকস্টল ভাঙার চেষ্টা করা হয়েছে। তবে শাসকের চোখরাঙানিতে মানুষ যে ভয় পায়নি, তার প্রমাণ মিলেছে শারদোৎসব এবং ৩১ অক্টোবর কলকাতার মিছিলেও।

এবার বইকে হাতিয়ার করেই সাধারণ মানুষের আরও কাছে পৌঁছতে চাইছে সিপিএম। ১৫ নভেম্বরের ‘বাড়ি বাড়ি বুকস্টল’ কর্মসূচির মাধ্যমে জনসংযোগ বাড়ানোর পাশাপাশি বই পড়ার আগ্রহও ছড়িয়ে দিতে চাইছে দল।

,

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top