৫০০, ১০০০ ও ২০০০ টাকার নোট বাতিলের দাবি চন্দ্রবাবু নাইডুর, দুর্নীতি রুখতে ডিজিটাল লেনদেনে জোর

৫০০, ১০০০ ও ২০০০ টাকার নোট বাতিলের দাবি চন্দ্রবাবু নাইডুর, দুর্নীতি রুখতে ডিজিটাল লেনদেনে জোর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


অন্ধ্রপ্রদেশ —

বড় অঙ্কের নগদ লেনদেন বন্ধ করে দুর্নীতির দুষ্টচক্র ভাঙতে এবার ৫০০, ১০০০ ও ২০০০ টাকার নোট বাতিলের দাবি জানালেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। তাঁর প্রস্তাব, দেশে কেবল ১০০ ও ২০০ টাকার নোট চালু রাখা হোক। ডিজিটাল মুদ্রা এবং প্রযুক্তিনির্ভর লেনদেনের উপরেও জোর দিয়েছেন তিনি। নাইডুর মতে, নগদ লেনদেনের পরিমাণ কমানো গেলে সম্পদ সৃষ্টি এবং দারিদ্র্য দূরীকরণের পথ আরও সহজ হবে।

সোমবার এই প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করেন তেলুগু দেশম পার্টির (টিডিপি) প্রধান। তিনি জানান, ডিজিটাল মুদ্রা সংক্রান্ত একটি প্রতিবেদনের জন্য অতীতে তিনি নিজেই প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ দিয়েছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছেও একাধিকবার বিষয়টি উত্থাপন করেছেন। ভবিষ্যতেও এই প্রস্তাবের পক্ষে তিনি সরব থাকবেন বলে জানিয়েছেন।

নাইডুর কথায়, “ডিজিটাল মুদ্রা বিষয়ক প্রতিবেদনের জন্য আমিই তথ্য ও পরামর্শ দিয়েছিলাম। আমি আগেই প্রধানমন্ত্রীকে বিষয়টি বিবেচনা করার অনুরোধ জানিয়েছিলাম এবং এখনও সেই দাবি জানাচ্ছি। আমি ভবিষ্যতেও এই বিষয়টি তুলে ধরতে থাকব। ৫০০, ১০০০ ও ২০০০ টাকার নোট বাতিল করা উচিত, কেবল ১০০ ও ২০০ টাকার নোটই চালু রাখা হোক।”

উল্লেখ্য, ২০১৬ সালের ৮ নভেম্বর কেন্দ্রীয় সরকার ৫০০ ও ১০০০ টাকার পুরনো নোট বাতিলের ঘোষণা করেছিল। কালো টাকা, জাল নোট এবং দুর্নীতি রোধের লক্ষ্যেই নেওয়া হয়েছিল সেই সিদ্ধান্ত। সেই নোটবাতিলের দশ বছর পূর্তির আবহে ফের বড় মূল্যের নোট প্রত্যাহারের দাবি সামনে আনলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী।

নাইডুর মতে, প্রযুক্তির সঠিক প্রয়োগ হলে অর্থনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থার দীর্ঘদিনের সমস্যাগুলির সমাধান সম্ভব। তিনি বলেন, “প্রযুক্তির যদি নিখুঁত প্রয়োগ করা যায়, তবে সম্পদ সৃষ্টি করা কঠিন নয়, আবার দারিদ্র্য দূর করাও অসম্ভব নয়।” ডিজিটাল লেনদেনের প্রসারকে দুর্নীতি নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক উন্নয়নের অন্যতম হাতিয়ার হিসেবেই দেখছেন তিনি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top