বিহার —
উৎসবের মরসুমে সরকারি কর্মীদের জন্য একের পর এক সুখবর আসছে। সম্প্রতি কেন্দ্রীয় সরকারি কর্মীদের ৩ শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার। এরপর একাধিক রাজ্যও নিজেদের কর্মীদের ডিএ বাড়ানোর পথে হেঁটেছে। এবার সেই তালিকায় যুক্ত হল বিহার। রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য ৩ শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ) এবং মহার্ঘ ত্রাণ (ডিআর) বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিহার সরকার।
ছটপুজোর আগে বিহার সরকারের ঘোষণা
মঙ্গলবার ছটপুজোর আগে বিহার সরকারের এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এর ফলে রাজ্যের সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা উপকৃত হবেন। উৎসবের আগে ডিএ ও ডিআর বৃদ্ধির ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশি সংশ্লিষ্ট মহল।
এতদিন বিহারের সরকারি কর্মচারীরা ৬০ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেতেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তা ৩ শতাংশ বেড়ে ৬৩ শতাংশ হল। সপ্তম বেতন কমিশনের আওতায় বেতনপ্রাপ্ত সরকারি কর্মচারীরা এবার থেকে বর্ধিত হারে ডিএ পাবেন।
১ জুলাই থেকে কার্যকর, মিলবে বকেয়া টাকাও
সরকারি ঘোষণা অনুযায়ী, বর্ধিত ৩ শতাংশ ডিএ ১ জুলাই, ২০২৬ থেকে কার্যকর হবে। ফলে জুলাই মাস থেকে বর্ধিত হারের যে টাকা বকেয়া থাকবে, তা-ও কর্মচারীরা পাবেন। একইসঙ্গে রাজ্যের পেনশনভোগীদের মহার্ঘ ত্রাণ বা ডিআর-ও ৩ শতাংশ বাড়ানো হয়েছে।
কেন্দ্রের পর বিহার সরকারের এই সিদ্ধান্তে রাজ্যের সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্ত কর্মীদের আর্থিক সুবিধা বাড়ল। ছটপুজোর আগে এই ঘোষণা তাঁদের কাছে বাড়তি স্বস্তির খবর।



















