দেশ —
ট্রাফিক আইন অমান্য করলে নিয়ম অনুযায়ী গাড়িচালকদের বিরুদ্ধে চালান জারি করা হয়। কিন্তু চালান কাটার পরেও জরিমানার টাকা আদায় করতে গিয়ে সমস্যার মুখে পড়ছে প্রশাসন। সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ২০২৬ সালের প্রথম ১০ মাসে জারি হওয়া চালানের মাত্র ১৭.৮ শতাংশ নিষ্পত্তি হয়েছে। ২০২২ সালের একই সময়ে এই হার ছিল ৫৩.৩ শতাংশেরও বেশি। ফলে চালান থেকে সরকারের আয়ও উল্লেখযোগ্যভাবে কমেছে।
চালান জারি হচ্ছে, কিন্তু আদায় হচ্ছে না জরিমানা
সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত মোট ৯ কোটি ৪ লক্ষ চালান জারি করা হয়েছে। তার মধ্যে নিষ্পত্তি হয়েছে মাত্র ১ কোটি ৬১ লক্ষ চালান। বাকি প্রায় ৭ কোটি ৪২ লক্ষ চালান এখনও বিচারাধীন রয়েছে।
এই ১০ মাসে মোট ১৬,৯০৩.৯৩ কোটি টাকা জরিমানা ধার্য করা হয়েছিল। কিন্তু কর্তৃপক্ষের আদায় হয়েছে মাত্র ২,৮২৪.৩৮ কোটি টাকা। অর্থাৎ, এখনও ১৪,০৭৯.৫৫ কোটি টাকা বকেয়া রয়েছে।
চার বছরে কমেছে চালান নিষ্পত্তির হার
পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালের প্রথম ১০ মাসে চালান নিষ্পত্তির হার ছিল ৫৩.৩ শতাংশেরও বেশি। ২০২৬ সালে তা কমে দাঁড়িয়েছে ১৭.৮ শতাংশে। একইভাবে চালান থেকে জরিমানা আদায়ের হারও ২০২২ সালের ৫১.৫ শতাংশ থেকে কমে ২০২৬ সালে ১৬.৭ শতাংশ হয়েছে।
এক শিল্প বিশেষজ্ঞের দাবি, রাজ্যস্তরে আইন প্রয়োগের ঘাটতি এবং প্রাতিষ্ঠানিক বাধার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে তিনি সংবাদমাধ্যম ET-কে জানিয়েছেন, প্রাতিষ্ঠানিক অদক্ষতা কিংবা রাজনৈতিক চাপের কারণে আইন প্রয়োগ দুর্বল হয়ে পড়তে পারে। এর প্রভাব পড়ছে সড়ক নিরাপত্তার উপরেও।
কেন বাড়ছে বকেয়া চালানের সংখ্যা?
এক সরকারি আধিকারিকের মতে, স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে বিপুল সংখ্যায় ই-চালান জারি হচ্ছে। কিন্তু সেই অনুপাতে চালান নিষ্পত্তির ব্যবস্থা বাড়েনি। ট্রাফিক পুলিশ, পরিবহণ বিভাগ এবং আদালতের পরিকাঠামো ক্রমবর্ধমান নিয়মভঙ্গের ঘটনার সঙ্গে তাল মেলাতে পারছে না। ফলে বকেয়া চালানের সংখ্যা বাড়ছে।
বিশেষজ্ঞদের মতে, চালান জারি করার পাশাপাশি জরিমানা আদায় এবং নিয়মভঙ্গের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়াও জরুরি। কারণ, ট্রাফিক আইন কার্যকরভাবে প্রয়োগ না হলে সড়ক নিরাপত্তা ও দূষণ নিয়ন্ত্রণের ক্ষেত্রেও সমস্যা তৈরি হতে পারে।



















