শিক্ষা —
উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় আগেই এই ইঙ্গিত দিয়েছিলেন। এবার সেই সিদ্ধান্ত কার্যকর করার পথে আরও এক ধাপ এগোল রাজ্য সরকার। সমাবর্তন অনুষ্ঠানে দীর্ঘদিনের প্রচলিত ঔপনিবেশিক পোশাকবিধি বদলে ভারতীয় ঐতিহ্যবাহী পোশাক চালুর নির্দেশিকা জারি করল রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর। অর্থাৎ, এবার থেকে বিশ্ববিদ্যালয়গুলির সমাবর্তনে কালো গাউন, হুড ও টুপির পরিবর্তে দেশীয় পোশাক পরিধানের ওপর জোর দেওয়া হচ্ছে।
ইতিমধ্যেই রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের কাছে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলির পাশাপাশি প্রযোজ্য ক্ষেত্রে অধিভুক্ত কলেজগুলিতেও এই নির্দেশ কার্যকর করার কথা জানানো হয়েছে।
দেশীয় হ্যান্ডলুম ও খাদি পোশাকে বিশেষ গুরুত্ব
নতুন নির্দেশিকায় ছাত্রছাত্রী ও অতিথিদের পোশাকের ক্ষেত্রে উত্তরীয়, শাড়ি, ধুতি কিংবা পাঞ্জাবির মতো ভারতীয় পোশাকের কথা উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে দেশীয় হ্যান্ডলুম ও খাদি কাপড় ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে উচ্চশিক্ষা দপ্তর।
বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পূর্ববর্তী নির্দেশিকার প্রসঙ্গও তুলে ধরা হয়েছে। সেখানে জানানো হয়েছে, ভারতীয় আবহাওয়ার উপযোগী এবং দেশের নিজস্ব সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পোশাক চালু করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
বিশ্ববিদ্যালয়গুলিতে শুরু আলোচনা
এতদিন সমাবর্তন অনুষ্ঠানে কালো গাউন, হুড ও টুপি পরার যে প্রচলন ছিল, নতুন নির্দেশিকার ফলে তাতে পরিবর্তন আসতে চলেছে। ঔপনিবেশিক পোশাকবিধির পরিবর্তে ভারতীয় ঐতিহ্যকে গুরুত্ব দেওয়ার এই সিদ্ধান্তের পর ইতিমধ্যেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনের পোশাক পরিবর্তন নিয়ে প্রস্তুতি ও আলোচনা শুরু হয়েছে।




















