দেশ —
কর্মসংস্থান বৃদ্ধি, ব্যবসার প্রসার এবং পরিবহণ ব্যবস্থার উন্নতির লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। প্রাপ্ত তথ্য অনুযায়ী, বুধবার অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে প্রায় ২০ হাজার কোটি টাকার মোট পাঁচটি প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রকল্পগুলির মধ্যে নির্মাণ ও পরিকাঠামো সংক্রান্ত সরঞ্জাম উৎপাদনকারী সংস্থাগুলির জন্য সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ করা হয়েছে।
পাশাপাশি, অসমের শিলচরে নতুন বিমানবন্দর তৈরি এবং তামিলনাড়ুর কামারাজার বন্দরে দ্বিতীয় কন্টেইনার টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের আশা, এই উদ্যোগগুলির ফলে শিল্পক্ষেত্রের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে।
নির্মাণ সরঞ্জাম উৎপাদনে ১১ হাজার কোটি টাকা
মন্ত্রিসভার অনুমোদিত প্রকল্পগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ‘কনস্ট্রাকশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেম স্কিম’। এই প্রকল্পের জন্য ১১ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আট বছর ধরে চলা এই প্রকল্পটি ২০২৭ অর্থবর্ষে শুরু হওয়ার কথা।
এর মূল লক্ষ্য, দেশে নির্মাণ ও পরিকাঠামো ক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামের উৎপাদন বাড়ানো। এর ফলে এই ধরনের যন্ত্রপাতির জন্য বিদেশের উপর ভারতের নির্ভরতা কমবে বলে আশা করা হচ্ছে।
বর্তমানে নির্মাণ সরঞ্জাম শিল্পের বাজারের নিরিখে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ। সরকারি অনুমান অনুযায়ী, ২০২৫ অর্থবর্ষে এই শিল্পের বাজারের পরিমাণ ছিল প্রায় ৯৭ হাজার ৫০০ কোটি টাকা। ২০৩০ সাল নাগাদ তা বেড়ে প্রায় ২ লক্ষ ২৮ হাজার কোটি টাকায় পৌঁছতে পারে।
সব মিলিয়ে, নির্মাণ সরঞ্জাম উৎপাদন থেকে শুরু করে বিমানবন্দর ও বন্দর পরিকাঠামোর উন্নয়ন—বিভিন্ন ক্ষেত্রে এই প্রকল্পগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে।




















