দেশ —
করোচ জনতা পার্টি (সিজেপি)-র অন্যতম আহ্বায়ক সৌরভ দাসকে তাঁর জন্মস্থান সংক্রান্ত বিষয়টি স্পষ্ট করার নির্দেশ দিল চেন্নাইয়ের আঞ্চলিক পাসপোর্ট দফতর। আগামী সাত দিনের মধ্যে তাঁকে জবাব দিতে বলা হয়েছে। পাশাপাশি, জবাব না দেওয়া পর্যন্ত পাসপোর্ট ব্যবহার না করার নির্দেশও দেওয়া হয়েছে তাঁকে। বুধবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য জানিয়েছেন।
বিদেশ মন্ত্রকের মুখপাত্রের বক্তব্য অনুযায়ী, আইন প্রয়োগকারী সংস্থাগুলির কাছ থেকে পাওয়া রিপোর্টের ভিত্তিতেই গত ২৩ নভেম্বর পাসপোর্ট দফতরের তরফে সৌরভ দাসকে শো-কজ নোটিস পাঠানো হয়েছিল। তাঁর জন্মস্থান সংক্রান্ত বিষয়টি নিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
পাসপোর্টের তথ্য ফাঁসের অভিযোগ
এই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। ‘এক্স’-এ একটি পোস্টে তিনি অভিযোগ করেন, প্রশাসনের অন্দর থেকেই সৌরভ দাসের পাসপোর্টের তথ্য ফাঁস করা হয়েছে। তাঁর দাবি, বর্তমানে একাধিক বিজেপি সমর্থক সেই তথ্য প্রকাশ্যে ছড়িয়ে দিচ্ছেন।
এই অভিযোগ তুলে দেশের প্রশাসনিক স্বচ্ছতা এবং নাগরিকদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিজিৎ দিপকে। তাঁর বক্তব্য, একজন নাগরিকের ব্যক্তিগত নথি কীভাবে এভাবে প্রকাশ্যে চলে আসতে পারে, তা নিয়ে জবাবদিহি প্রয়োজন।
প্রধানমন্ত্রীর ডিগ্রি প্রসঙ্গ টেনে কটাক্ষ
এখানেই থেমে থাকেননি সিজেপি প্রতিষ্ঠাতা। প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতার প্রসঙ্গ টেনে ব্যবস্থার দ্বিচারিতা নিয়েও কটাক্ষ করেছেন তিনি। অভিজিৎ প্রশ্ন তুলেছেন, “আমরা কোন দুনিয়ায় বাস করছি, যেখানে কেউ প্রধানমন্ত্রীর ডিগ্রির খোঁজ পান না, অথচ একজন সাধারণ নাগরিকের পাসপোর্ট এভাবে প্রকাশ্যে ফাঁস হয়ে যায় এবং ছড়িয়ে দেওয়া হয়?”
সৌরভ দাসের জন্মস্থান সংক্রান্ত বিষয়ে পাসপোর্ট দফতরের জবাব তলব এবং তাঁর পাসপোর্ট ব্যবহার নিয়ে নির্দেশের মধ্যেই ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। যদিও পাসপোর্ট ফাঁসের অভিযোগটি অভিজিৎ দিপকের বক্তব্যের ভিত্তিতেই সামনে এসেছে।



















