শিক্ষা —
সরকারি মডেল স্কুল এবং নিউ ইন্টিগ্রেটেড সরকারি স্কুলগুলিতে বিষয়ভিত্তিক শিক্ষকের ঘাটতি মেটাতে উদ্যোগী হল স্কুল শিক্ষা দপ্তর। সরকারি সাহায্যপ্রাপ্ত ও সরকার পোষিত স্কুল থেকে শিক্ষকদের অস্থায়ীভাবে ওই স্কুলগুলিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই মর্মে নির্দেশিকা জারি করেছে শিক্ষা দপ্তর।
নির্দেশিকায় জানানো হয়েছে, সরকারি মডেল স্কুল এবং নিউ ইন্টিগ্রেটেড সরকারি স্কুলগুলিতে বিষয়ভিত্তিক শিক্ষকের ঘাটতি সংক্রান্ত স্ট্যাটাস রিপোর্ট খতিয়ে দেখা হয়েছে। সেই রিপোর্ট পর্যালোচনার পরই শিক্ষক ঘাটতি পূরণে অন্য স্কুলের শিক্ষকদের পরিষেবা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দপ্তরের বক্তব্য, পঠন-পাঠন প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে চলতে পারে, সেই লক্ষ্যেই এই পদক্ষেপ।
সেই অনুযায়ী, জেলা বিদ্যালয় পরিদর্শকদের সরকারি সাহায্যপ্রাপ্ত ও সরকার পোষিত স্কুলগুলি থেকে উপযুক্ত শিক্ষক বাছাই করে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে সরকারি মডেল স্কুল এবং নিউ ইন্টিগ্রেটেড সরকারি স্কুলগুলিতে পাঠানোর নির্দেশ দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।




















