পশ্চিমবঙ্গ —
বঙ্গে বিজেপি সরকার গঠনের পর গত কয়েক মাসে একাধিকবার রাজ্যে এসেছেন কেন্দ্রীয় নেতা ও মন্ত্রীরা। আগামী বছরের শুরুতেই পশ্চিমবঙ্গে আসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এরই মধ্যে রাজ্যের উন্নয়ন নিয়ে আশাবাদী মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর দাবি, গত ছ’মাসে সরকার এবং মুখ্যমন্ত্রী একাধিক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন। আগামী দিনে বাংলার আমূল পরিবর্তন হবে বলেও মন্তব্য করেছেন তিনি।
দিলীপ ঘোষের কথায়, “বাংলায় উন্নয়ন হোক। পশ্চিমবঙ্গ ঘুরে দাঁড়াক। এটাই তো সবাই চায়। ছ’মাসে সরকার এবং মুখ্যমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন, সেগুলো ঐতিহাসিক। উন্নয়ন, বেতন বৃদ্ধি, কর্মসংস্থান, ডিএ বৃদ্ধি, ভাতা বৃদ্ধি—আটকে থাকা উন্নয়নের কাজ, গ্রামোন্নয়ন, আবাস যোজনা, সবকিছুতেই সরকার কাজ করছে। টাকা আগে এসে পড়ে থাকত। এখন উন্নয়নের কাজ হচ্ছে। বাংলার উন্নয়ন থমকে ছিল। সেগুলো সব হবে এবং হচ্ছে। বাংলা আমূল বদলে যাবে।”
বিরোধী দলনেতা ও তৃণমূলের মামলা নিয়েও মন্তব্য
অন্যদিকে, রাজ্যের বিরোধী রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসকে নিয়েও মুখ খুলেছেন বিজেপির এই মন্ত্রী। শুক্রবার তৃণমূলের একাধিক বিষয়ে গুরুত্বপূর্ণ দিন। এদিন আদালতে বিরোধী দলনেতার মামলার রায় ঘোষণা হতে পারে। পাশাপাশি দলের নাম ও প্রতীক সংক্রান্ত মামলায় তৃণমূলের দুই শিবিরকে তলব করেছে নির্বাচন কমিশন। এই দুই বিষয় নিয়েই মন্তব্য করেছেন দিলীপ ঘোষ।
বিরোধী দলনেতার প্রসঙ্গে তিনি বলেন, “কে বিরোধী নেতা, সেটা নিয়ে আমাদেরও টেনশন নেই। জনগণেরও কোনও চিন্তা নেই। যেই হোক না কেন, ওটা একটা উঠে যাওয়া পার্টি। খুব বেশি হলে বিধানসভায় উৎপাত করতে পারবে। তার বেশি কিছু নয়।”




















