নিজস্ব সংবাদদাতা,আসানসোল ,১৯ই আগস্ট :স্কুল নাকি হাই সেকেন্ডারি জন্য অনুমোদন পায়নি। তাই অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের পাস করার পর অন্য কোথাও ভর্তি করতে বললেন স্কুল কর্তৃপক্ষ। আর এতেই অভিভাবকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হল।আজ সকাল থেকে আসানসোলের কল্যাণপুর স্যাটেলাইট টাউনসিপ ডিএভি মডেল স্কুলে বিক্ষোভ দেখায় অভিভাবকরা।
তাদের দাবি তাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে ডিএভি কর্তৃপক্ষ।

আসানসোলে ডিএভি-র তিনটি বিদ্যালয় আছে। একটি ডিএভি পাবলিক স্কুল অন্য দুটি কল্যাণপুর স্যাটেলাইট টাউনসিপে ডিএভি মডেল এবং ধাদকাতে আরও একটি স্কুল চলে। এই তিনটির মধ্যে যোগসূত্র রয়েছে বলেই কতৃপক্ষ জানিয়েছে এবং ডিএভি মডেল স্কুলে যখন ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা ভর্তি করেন তখন কিন্তু এই অনুমোদন পাওয়া যায়নি বা যাবে না এমন কথা বলা হয়নি। বর্তমানে বলা হচ্ছে রাজ্য সরকার এখনও পর্যন্ত হায়ার সেকেন্ডারি পড়ানোর অনুমোদন দেয়নি ডিএভি মডেল স্কুলকে। আর সেই কারণেই ক্লাস এইট উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের স্কুল ছাড়িয়ে নিয়ে চলে যাবার জন্য সাফ নোটিশ দিয়ে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। প্রশ্ন উঠছে ক্লাস এইট উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের এখন কোন স্কুলে নিয়ে গিয়ে অভিভাবকরা ভর্তি করবেন।

তাদের ভবিষ্যত- ই বা কি? ডিএভি পাবলিক স্কুল এবং ডিএভি মডেল স্কুল এর মধ্যে যদি সংযোগ সূত্র আছে তাহলে ছাত্র-ছাত্রীদের নিয়ে গিয়ে ডিএভি পাবলিক স্কুলে কেন ভর্তি করা হচ্ছে না? অনুমোদনহীন ভাবে স্কুল চালানোর এই দায় ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের উপর যাবে কেন? সকাল থেকেই বিক্ষোভে ফেটে পড়ে অভিভাবকরা। তারা স্কুলের প্রধান শিক্ষিকার সঙ্গেও কথা বলেন। কিন্তু কোন রফাসুত্র বেরোয়নি। স্কুলে জানানো হয়েছে পরবর্তী নোটিশ দেওয়া হবে। কিন্তু অভিভাবকদের দাবি দুর্গাপুর থেকে ডিএভি সাউথ রিজিওনের হেড পাপিয়া ম্যাডামকে আসতে হবে। পাপিয়া ম্যাডাম এসে অভিভাবকদের সঙ্গে কথা বললে তবে এই বিক্ষোভ থামবে।


















