নিজস্ব সংবাদদাতা, মালদা, ৯ ডিসেম্বর, একই জেলায় পৃথক দু’টি দুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের। প্রথম ঘটনাটি ঘটেছে মালদা থানার নারায়ণ পুর এলাকায়। অপরটি মালদার ইংরেজবাজার থানার রবীন্দ্র ভবন এলাকায়। মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে দুই থানার পুলিশ।
নারায়ণপুর এলাকায় মৃতের নাম রাকেশ গুপ্তা। রাকেশ একটি বেসরকারি সংস্থার কর্মী। অন্য দিনের মতো সোমবার সকালে তিনি অফিসে যাচ্ছিলেন। সে সময় রাস্তার উল্টো দিক থেকে আসা একটি গাড়ি তাঁকে ধাক্কা মারে। স্থানীয়রা সঙ্গে সঙ্গেই রাকেশকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
দ্বিতীয় দুর্ঘটনায় মৃতের নাম সন্তোষ সিংহ। তাঁর বাড়ি লক্ষীপুর এলাকায়। তিনি পেশায় গাড়িচালক। সোমবার সকালে গাড়ি করে শহরে মুরগি নিয়ে আসছিলেন সন্তোষ। সেই সময় রবীন্দ্র অ্যাভিনিউ এলাকায় পিছন থেকে একটি ছয় চাকার লরি সন্তোষের গাড়িকে ধাক্কা মারলে তিনি গাড়ি থেকে রাস্তার উপর পড়ে যান। সেই সময় সন্তোষের মাথার ওপর দিয়ে লরির চাকা চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই চালকের। গাড়িটিকে আটক করলেও চালক পলাতক। মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে।
পরপর দুর্ঘটনার খবর পেয়ে সাধারণ মানুষেরা আতঙ্কিত। দুই ঘটনারই তদন্ত শুরু করেছে পুলিশ। ট্রাফিক পুলিশের গাফিলতি নিয়েও প্রশ্ন তুলেছে অনেকে।



















