নিজস্ব সংবাদদাতা, হুগলি, ১৪ ফেব্রুয়ারি, শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ বাচ্চাদের স্কুলে আনার পথে পোলবার কামদেবপুরে দুর্ঘটনার মুখে পড়ে একটি পুলকার। ১৫ জন শিশু ছিল গাড়িটিতে। তাদের মধ্যে পাঁচজনের আঘাত গুরুতর।

গাড়িটির চালক জানিয়েছেন, শ্রীরামপুর থেকে চুঁচু্ড়া খাদিনামোরের দিকে যাচ্ছিলেন তিনি। আচমকাই তাঁদের সামনে থাকা একটি লরি ইউটার্ন করে। এরপরেই নিয়ন্ত্রণ রাখতে না পেরে ওই লরিটিকে ধাক্কা মেরে পাশের একটি নয়ানজুলিতে উল্টে যায় পুলকারটি।আশেপাশের লোকজন ছুটে এসে উদ্ধার করেন তাদের। বাচ্চাগুলিকে নিয়ে যাওয়া হয় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে। সেখানেই ইনটেনসিভ কেয়ার ইউনিটে রেখে চিকিৎসা শুরু হয় তিনটি শিশুর। তাদের নাম ঋষভ সিং, দিব্যাংশ ভগত ও অমরজিৎ সাহা। জখম ঋষভ শ্রীরামপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর সন্তোষ (পাপ্পু) সিংয়ের ছেলে বলে জানা গিয়েছে।গ্রিন করিডোর করে চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতাল থেকে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হল পুলকার দুর্ঘটনায় জখম দুই শিশুকে। আনার তোড়জোড় চলছে গুরুতর জখম আরও এক শিশুকে।



















