
নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুর, ১৫ ফেব্রুয়ারি, নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তার সেচ নালায় পড়ে গেল একটি চার চাকার ছোট যাত্রীবাহী গাড়ি। শনিবার সকালে দুর্ঘটনাটি হয়েছে আমবাড়ি পুলিশ ফাঁড়ির অন্তর্গত নাউয়াপাড়া এলাকায়। জানা গিয়েছে, গাড়িতে চালকসহ দুইজন ছিলেন। তবে হতাহতের কোনো খবর নেই।
গাড়ির এক আরোহী জয়ন্ত বর্মন বলেন, তাদের বাড়ি নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি এলাকায়। তার ভাই বিশ্বজিৎ সিংহকে সঙ্গে নিয়ে চ্যাংড়াবান্ধা শ্বশুর বাড়ি যাচ্ছিলেন। সেচ নালার পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সেচ নালায় পড়ে যায়। তারা কোনরকমে পারে উঠে আসেন। আমবাড়ি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।



















