
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ২৪ এপ্রিল, শিলিগুড়ির অরবিন্দপল্লীর এক বসত বাড়ি থেকে রহস্যজনকভাবে উদ্ধার হয় মধ্যবয়স্ক এক ব্যাক্তির মৃতদেহ। বাড়ি থেকে খোয়া যায় টিভি, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং আলমারি ছিল তালা ভাঙা অবস্থায়। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। ঘটনাটি চাউর হতেই ঘটনাস্থলে আসে পুলিশ পরবর্তীতে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় দেহ।
মৃত ব্যাক্তির নাম নীলাব্জ দত্ত বয়স ৪৫। পেশায় তিনি সরকারি চাকুরিজীবী। ইলেক্ট্রিক অফিসে কর্মরত ছিলেন তিনি। স্থানীয় সূত্রে খবর, অরবিন্দপল্লীর ওই বাড়িতে একাই থাকতেন তিনি। লকডাউনের পর থেকেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। সেই কারনে প্রতিবেশীদের মধ্যে কেউ না কেউ খোঁজ নিয়ে যেতেন তার। তবে, আজ শিলিগুড়ির মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে তার বাড়ি পরিষ্কার করতে এসে মৃত অবস্থায় উদ্ধার করে ওই ব্যাক্তিকে। তৎক্ষনাৎ খবর দেওয়া হয় শিলিগুড়ি থানায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। সিল করে দেওয়া হয় তার বাড়ি। ঘটনাটির পূর্ণ তদন্ত করা হচ্ছে বলে জানা যায় পুলিশের তরফে।



















