
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ৫ মে, অভিমানের জেরে আত্মঘাতী করল দশম শ্রেণীর ছাত্র। বসিরহাট মহকুমার টাকি পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ পল্লীতে ঘটনাটি ঘটেছে। বছর ১৫ এর নেতাজী বিদ্যামন্দির ছাত্র শুভঙ্কর মন্ডল, দাদা শংকর মন্ডল। জানা যায়, দাদার সাইকেল চালানো নিয়ে বচসা দুই ভাইয়ের মধ্যে।
জানা যায়, দাদার সাইকেলে কাদা লাগানোর জেরে দাদা ও ভাইয়ের মধ্যে বচসা বাঁধে।বচসা বেড়ে গেলে প্রতিবেশীরা ছুটে এসে থামিয়ে দেয়। সে সময় মা সন্ধ্যা মন্ডল ও বাবা মনোরঞ্জন মন্ডল পাশের দোকানে গিয়েছিল। পরে ছোট ভাই শুভঙ্কর, দাদার কথা শুনে সাইকেল জল দিয়ে ধুয়ে দেয়। কিন্তু এরপরেও গন্ডগোল থামেনি। দাদা শংকর মন্ডল সাইকেল নিয়ে রেগে অন্যত্র চলে যায়। অভিমানের জেরে মঙ্গলবার ভোররাতে শুভঙ্কর নিজের ঘরে গিয়ে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়।এই ঘটনা জেরে শোকের ছায়া নেমে এসেছে রামকৃষ্ণ পল্লীতে। সামান্য সাইকেলের কাদা লাগানোর ঘটনায় দাদা ভাইয়ের বচসা যে এরূপ আকার ধারণ করবে তা কেউ ভাবতে পারেননি।ইতিমধ্যে শুভঙ্কর-এর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।



















