
নিজস্ব সংবাদদাতা, মালদা, ৭ মে, করোনা আবহে দেশজুড়ে চলছে লকডাউন।এই লকডাউন চলাকালীন কাজ বন্ধ হয়ে যাওয়ায় বহু মানুষ সমস্যার মুখে পড়েছে।গরিব-দুঃস্থদের সাহায্যে বিভিন্ন ভাবে পাশে এসে দাঁড়িয়েছে সরকার, সংস্থা ও সামর্থবান মানুষ। কিন্তু এখনও বহু মানুষ রয়েছে যারা বহু সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন।এবার মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন জানিয়ে চিঠি লিখলেন মালদা জেলার আংশিক সময়ের বিদ্যালয় শিক্ষক সংগঠন।

তাঁদের দাবি, রাজ্যের বিভিন্ন জেলার সরকারি এবং আধা সরকারি বিদ্যালয়গুলিতে অতি সামান্য পারিশ্রমিকের বিনিময়ে বছরের পর বছর নিষ্ঠার সাথে শিক্ষকতা করে চলেছেন তাঁরা।যদিও এই কাজের কোনও স্থায়িত্ব নেই।বর্তমান এই ভয়াবহ পরিস্থিতির দরুন তাঁদের শিক্ষকতার কাজ বন্ধ রাখতে হয়েছে।প্রসঙ্গত, বিদ্যালয়ের আংশিক সময়ের শিক্ষকদের বেতন সম্পর্কিত বিষয়টি দেখভাল করে বিদ্যালয় পরিচালন সমিতি। এই কঠিন সময়ে তাদের কাছ থেকেও কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না। ফলে মাসে নামমাত্র ৫০০ থেকে ২০০০ টাকাও (সর্বাধিক ৩০০০) হাতে না পাওয়ায় অনিশ্চয়তা আরও কয়েকগুণ বেড়ে গিয়েছে।
এরূপ পরিস্থিতিতে তাঁদের সংসার চালানো দুঃসাধ্য হয়ে পড়েছে।এই করোনা আবহে তাই আপৎকালীন সাহায্যের আবেদন জানান তাঁরা রাজ্য সরকারের কাছে।এসপিটিটিএ-র রাজ্য সভাপতি সমীর কুমার দেওঘোরিয়া মুখ্যমন্ত্রীর উদ্দেশে জানান, “এই দুঃসময়ে আপনি যদি আমাদের আপৎকালীন সাহায্য প্রদান এবং আমাদের স্থায়ীকরণের ব্যবস্থা করেন, তা হলে আমরা চরম উপকৃত হব”।



















