নিজস্ব সংবাদদাতা ৪ মে ২০২১ দক্ষিণ ২৪পরগণা: ভাঙড়ে আবারো আক্রান্ত তৃণমূল। ভোটে জয়লাভ করার পর থেকেই একের পর এক তৃণমূল কর্মীদের মারধরের পাশাপাশি বাড়িঘর ও ব্যাপক ভাঙচুর করার অভিযোগ উঠছে।
ঘটনাটি ঘটেছে ভাঙড়ের কাশিপুর থানার চন্ডিহাট এলাকায়। ভাঙড় বিধানসভায় আই এস এফ জয়লাভ করার পর চন্ডিহাট গ্রামে তৃণমূল কর্মীদের ওপর হামলা চালায় তারা। এর পাশাপাশি একাধিক তৃণমূল কর্মীর বাড়িঘর ভাঙচুরের সঙ্গে বাড়ির সামনে থাকা অটো এবং বাইক এও ব্যাপক ভাঙচুর চালায় আই এস এফ কর্মীরা। ঘটনার খবর পেয়ে কাশিপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় ব্যাপক বোমাবাজি করার অভিযোগ উঠেছে। গ্রামের একটি ক্লাবে ও ব্যাপক ভাঙচুর চালিয়েছে তারা। এই ঘটনায় পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনার পর এলাকায় তাজা বোমা পড়ে থাকতে দেখা যায়। অন্যদিকে আইএসএফ কর্মীদের দাবি এলাকায় সন্ত্রাস বাধানোর চেষ্টা করছে তৃণমূল। তাদের একাধিক বাড়িতে হামলা চালিয়েছে। এলাকায় তৃণমূলরা বোমাবাজি করেছে বলে দাবি করে তারা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কাশিপুর থানার বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই ভাঙড়ে বাড়িঘর ভাঙচুর এর ঘটনা ঘটছে। দফায় দফায় অশান্তি সৃষ্টি হয়েছে। কোথাও আইএসএফ কর্মীদের বাড়ি ব্যাপক ভাঙচুর করা হচ্ছে আবার কোথাও তৃণমূল কর্মীদের ও বাড়িঘর ভাঙচুর চালানো হচ্ছে। সবজায়গাতেই খবর পাওয়ার পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনছে।
আরও পড়ুন… তৃতীয় দিনের পর চতুর্থ দিনে বাস বন্ধ থাকায় বিক্ষোভ মিনিবাস কর্মীদের



















