দিল্লী – বিশ্বের একাধিক শক্তিধর দেশের রাষ্ট্রপ্রধান ও শীর্ষ প্রতিনিধিদের উপস্থিতিতে আগামী কয়েকদিন আন্তর্জাতিক কূটনীতির গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠতে চলেছে দিল্লি। BRICS সম্মেলনকে ঘিরে তাই নিরাপত্তায় কোনওরকম ফাঁক রাখতে চাইছে মোদী সরকার। সম্মেলনস্থল এবং রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। বিশ্বনেতাদের নিরাপত্তার দায়িত্বে থাকছেন প্রায় ১৫ হাজার পুলিশকর্মী।
নিরাপত্তা আরও জোরদার করতে মোতায়েন করা হয়েছে ২০০ কোম্পানি আধাসামরিক বাহিনী। গুরুত্বপূর্ণ এলাকা, রাস্তা ও কৌশলগত পয়েন্টগুলিতে প্রায় ৫০০টি CCTV ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি ড্রোনের সাহায্যেও আকাশপথ থেকে নজর রাখা হবে। কোনও সন্দেহজনক গতিবিধি নজরে এলেই যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়, সেদিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
সম্মেলন ঘিরে বদল আনা হয়েছে দিল্লির ট্রাফিক ব্যবস্থাতেও। বিদেশি রাষ্ট্রপ্রধান ও শীর্ষ প্রতিনিধিদের ভিআইপি কনভয়ের যাতায়াত নির্বিঘ্ন রাখতে একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় নিয়ন্ত্রিত যান চলাচল, ডাইভারশন এবং প্রয়োজন অনুযায়ী বিধিনিষেধ জারি করা হচ্ছে। এর ফলে শহরের বিভিন্ন অংশে সাধারণ যান চলাচলেও প্রভাব পড়তে পারে।
নিরাপত্তা ও যান নিয়ন্ত্রণের জন্য দিল্লির ৩৫টিরও বেশি গুরুত্বপূর্ণ রাস্তা চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে মোট ২২টি গুরুত্বপূর্ণ ডাইভারশন পয়েন্ট নির্দিষ্ট করা হয়েছে। সম্মেলন চলাকালীন রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা যাতে কোনওভাবেই বিঘ্নিত না হয়, তার জন্য পুলিশ, আধাসামরিক বাহিনী এবং অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলির মধ্যে সমন্বয় আরও জোরদার করা হয়েছে।



















