রাজ্য – শালবনি জমি দুর্নীতি মামলায় অভিযুক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে শুক্রবার মেদিনীপুর জেলা আদালতে পেশ করা হবে। সকালে ভবানীভবন থেকে সিআইডির একটি দল তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে মেদিনীপুরের উদ্দেশে রওনা দিয়েছে। আদালতে তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবেন তদন্তকারীরা।
সুপ্রিম কোর্টের রক্ষাকবচ উঠে যাওয়ার পরই বৃহস্পতিবার সুমিত রায়কে গ্রেফতার করে সিআইডি। তদন্তকারীদের দাবি, একাধিকবার তলব করে জিজ্ঞাসাবাদ করা হলেও বেশ কিছু প্রশ্নের সন্তোষজনক উত্তর মেলেনি। সেই কারণেই তাঁকে হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে মনে করছে তদন্তকারী সংস্থা।
সিআইডির আরও আশঙ্কা ছিল, আগাম জামিনের আবেদন খারিজ হওয়ার পর সুমিত রায় ফের আত্মগোপন করতে পারেন। সেই কারণেই আইনি রক্ষাকবচ সরতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে তদন্তকারীদের দাবি। এখন মেদিনীপুর আদালতের সিদ্ধান্তের দিকেই নজর রয়েছে।
এই গ্রেফতারি ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি সিআইডির এই পদক্ষেপকে ঘিরে শাসকদল বিজেপির একাধিক নেতাও প্রতিক্রিয়া জানিয়েছেন।



















