কলকাতা – আইপ্যাকের দফতর ও সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে এবার পুরস্কৃত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাক পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত বলে পরিচিত। বিধানসভা নির্বাচনের আগে প্রতীক জৈনের বাড়ি ও অফিসে যে তল্লাশি অভিযান চালানো হয়েছিল, সেই অভিযানের সঙ্গে যুক্ত অফিসারই এবার সম্মান পেলেন।
ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর প্রশান্ত চান্ডিলাকে ‘বিরল পেশাদারি সাহসিকতা’ প্রদর্শনের জন্য সম্মানিত করা হয়। বৃহস্পতিবার নয়াদিল্লিতে ইডির ৭০তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে পুরস্কৃত করা হয়। একই অনুষ্ঠানে আরও চারজন ইডি আধিকারিককেও সম্মান জানানো হয়েছে।
অনুষ্ঠানে প্রশান্ত চান্ডিলার নাম ঘোষণা করে বলা হয়, কলকাতায় একটি গুরুত্বপূর্ণ অভিযানে তিনি পেশাদার দক্ষতা ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে কাজ সম্পন্ন করেছিলেন এবং একটি গুরুত্বপূর্ণ সিজার লিস্ট প্রস্তুত করেছিলেন, যা পরবর্তীতে আদালতে প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়। তবে পুরো বক্তব্যে আইপ্যাকের নাম উল্লেখ করা হয়নি।
উল্লেখ্য, কলকাতায় ওই তল্লাশি অভিযানের সময় রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছায়। ইডি আইপ্যাকের দফতর এবং প্রতীক জৈনের বাড়িতে অভিযান চালায়। অভিযোগ ওঠে, সেখানে নির্বাচনী কৌশল সংক্রান্ত নথিপত্রের খোঁজ চালানো হয়েছিল। সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ঘটনাস্থলে পৌঁছে যান, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
ইডি সূত্রে জানা যায়, পুরস্কৃত পাঁচ আধিকারিকের মধ্যে তিনজন কলকাতার ওই অভিযানের সঙ্গে যুক্ত ছিলেন। প্রশান্ত চান্ডিলা ছাড়াও বিক্রম অহলওয়াট, যিনি সল্টলেকে আইপ্যাকের অফিসে তল্লাশির সময় উপস্থিত ছিলেন, তাকেও সম্মানিত করা হয়েছে। পাশাপাশি আইপ্যাক সংক্রান্ত মামলায় গ্রেফতারির তদন্তে যুক্ত আরেক অফিসারকেও পুরস্কৃত করা হয়।
এই ঘটনার পর রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। তৃণমূলের দাবি ছিল, কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে তাদের নির্বাচনী পরিকল্পনা ও নথি সংগ্রহের চেষ্টা করা হয়েছে। অন্যদিকে ইডির পক্ষ থেকে দাবি করা হয়েছিল, তদন্তের সময় বাধা সৃষ্টি করা হয়েছিল এবং গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করা হয়েছে।
ইতিমধ্যেই আইপ্যাকের এক ডিরেক্টর ভিনেশ চান্দেল জামিনে মুক্ত হয়েছেন। অন্যদিকে কলকাতার লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়িতে হওয়া তল্লাশি ও সল্টলেকে আইপ্যাক অফিসে অভিযানের ঘটনাও আবার আলোচনায় এসেছে।
সব মিলিয়ে, ইডির এই পুরস্কার বিতরণকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হয়েছে।




















