অভিন্ন দেওয়ানি বিধি বিলে আপাতত বিরতি, বিশেষ অধিবেশনে আসছে না ইউসিসি

অভিন্ন দেওয়ানি বিধি বিলে আপাতত বিরতি, বিশেষ অধিবেশনে আসছে না ইউসিসি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) নিয়ে আপাতত ধীরে চলো নীতি গ্রহণ করেছে রাজ্য সরকার। সূত্রের খবর, সোমবার বিধানসভার বিশেষ অধিবেশনে ইউসিসি সংক্রান্ত বিল পেশ করা হচ্ছে না। তবে তোলাবাজি ও সিন্ডিকেট দমনে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং গুন্ডাদমন আইন সংশোধনের লক্ষ্যে বিশেষ বিল আনতে চলেছে সরকার।

গত সপ্তাহে ঘোষণা করা হয়েছিল যে গুজরাত, উত্তরাখণ্ড ও অসমের মতো পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি বিধি চালুর উদ্যোগ নেওয়া হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও এই বিষয়ে প্রকাশ্যে ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, বিলটি এখনই বিধানসভায় তোলা হচ্ছে না।

সূত্রের খবর, রাজ্যের সামাজিক ও সাংস্কৃতিক বৈচিত্র্যের কথা বিবেচনা করে ইউসিসি বিলের একটি বিস্তারিত খসড়া তৈরির জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের পরিকল্পনা করছে সরকার। খুব শীঘ্রই এই কমিটি গঠনের আনুষ্ঠানিক ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে, অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই এই কমিটির চেয়ারম্যান হতে পারেন। কমিটিতে বিরোধী দলের বিধায়কদেরও অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে সূত্রের দাবি।

সরকারের মতে, বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক গ্রহণ এবং লিভ-ইন সম্পর্ক সংক্রান্ত বিভিন্ন ব্যক্তিগত আইনের পরিবর্তে একটি অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হলে আইনের শাসন আরও শক্তিশালী হবে এবং নারী-পুরুষের সমানাধিকারের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে। তবে তড়িঘড়ি কোনও সিদ্ধান্ত না নিয়ে সবদিক বিবেচনা করেই বিলটি বিধানসভায় আনতে চায় সরকার। সেই কারণে আগামী বাদল অধিবেশনে ইউসিসি বিল পেশ করার সম্ভাবনা রয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top