উত্তর 24 পরগণা – রাজ্যে দ্বিতীয় দফার ভোটের আর মাত্র কয়েকদিন বাকি। সেই আবহে বড়সড় ধাক্কা খেল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)। গত বিধানসভা নির্বাচনে অশোকনগর কেন্দ্র থেকে প্রায় ৪৬ হাজার ভোট পেয়েছিল আইএসএফ। তবে এবার ভোটের আগে দলে ভাঙনের ছবি ধরা পড়েছে।
জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় হিজলিয়া এলাকায় অশোকনগরের তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামীর একটি পথসভা অনুষ্ঠিত হয়। সেই সভাতেই প্রায় ১০০ পরিবারের সদস্য আইএসএফ ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাঁদের দাবি, রাজ্যের উন্নয়নমূলক কাজ দেখেই তাঁরা তৃণমূলের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামী এই যোগদানকে সংগঠনের বড় শক্তিবৃদ্ধি হিসেবে উল্লেখ করেন। তিনি দাবি করেন, অশোকনগরে বহু আইএসএফ কর্মী ক্রমাগত তৃণমূলে যোগ দিচ্ছেন, ফলে গত নির্বাচনের ফলাফলের তুলনায় এবার আইএসএফ অনেক কম ভোট পেতে পারে। তাঁর বক্তব্য অনুযায়ী, প্রার্থী নির্বাচন নিয়ে অসন্তোষ এবং উন্নয়নের প্রতি আস্থা—এই দুই কারণেই এই দলবদল ঘটছে।
ভুরকুন্ডা পঞ্চায়েতের প্রধান রাজশ্রী সাহাও এই যোগদানকে স্বাগত জানান। তাঁর মতে, আইএসএফ কর্মীরা বুঝতে পারছেন যে তাঁদের সমর্থন কমছে, তাই তাঁরা তৃণমূলের সঙ্গে যুক্ত হচ্ছেন। অন্যদিকে সদ্য যোগদানকারী আইএসএফ কর্মীদের বক্তব্য, উন্নয়নমূলক কাজের প্রতি আস্থা রেখেই তাঁরা জোড়াফুলের পতাকা হাতে নিয়েছেন।
উল্লেখ্য, আগামী বুধবার রাজ্যের দ্বিতীয় দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে, যেখানে অশোকনগরও রয়েছে। গত নির্বাচনে আইএসএফের ভালো ফল থাকলেও এবারের পরিস্থিতিতে প্রচার থাকলেও তেমন জনসমর্থন মিলছে না বলে রাজনৈতিক মহলের একাংশের দাবি। এই পরিস্থিতিতে একসঙ্গে প্রায় ১০০ পরিবারের দলবদল নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।


















