তাপপ্রবাহের পর স্বস্তির ইঙ্গিত, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

তাপপ্রবাহের পর স্বস্তির ইঙ্গিত, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গে তীব্র গরমের দাপট এখনও অব্যাহত। একাধিক জেলায় তাপপ্রবাহ ও লু-এর সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। অস্বস্তিকর গরমে নাজেহাল সাধারণ মানুষ। তবে শনিবার থেকেই আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত মিলেছে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শনিবার বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং নদীয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে, যার জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। একই সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও উত্তর ২৪ পরগণাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বাঁকুড়ার কিছু অংশে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকতে পারে।
আবহাওয়া দফতর আরও জানিয়েছে, পূর্ব উত্তরপ্রদেশ থেকে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখা বিহার, ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে অবস্থান করছে। এর প্রভাবেই রাজ্যে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।
রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। ওই সময় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, কালবৈশাখী এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া ও উত্তর ২৪ পরগণায় এই প্রভাব বেশি থাকতে পারে।
অন্যদিকে উত্তরবঙ্গেও আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে কমলা সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, মালদা ও দুই দিনাজপুর জেলাতেও কালবৈশাখী-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে এপ্রিলের শেষের দিকে রাজ্যে তাপপ্রবাহ কিছুটা কমে স্বস্তি ফিরতে পারে বলে আশা আবহাওয়া দফতরের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top