খেলা – আইপিএলের শিরোপা কার হাতে উঠবে, সেই অপেক্ষা এখনও বাকি। তবে তার আগেই নির্ধারিত হয়ে গেল চলতি মরসুমের কমলা ও বেগুনি টুপির মালিক। রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে গুজরাতের সাই সুদর্শন ও শুভমন গিল ব্যর্থ হওয়ায় সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষস্থান ধরে রেখে কমলা টুপির মালিক হন রাজস্থান রয়্যালসের বৈভব সূর্যবংশী।
অন্যদিকে, ম্যাচের দ্বিতীয়ার্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটার দেবদত্ত পাড়িক্কলকে আউট করে বেগুনি টুপির দৌড়ে সবার থেকে এগিয়ে যান গুজরাতের কাগিসো রাবাদা। চলতি আইপিএলে ১৭ ম্যাচে ২৯ উইকেট নিয়ে তিনি সর্বাধিক উইকেট শিকারির সম্মান অর্জন করেন।
ফাইনালের আগে ১৬ ম্যাচে ২৮ উইকেট নিয়ে বেগুনি টুপির মালিক ছিলেন রাবাদা। তবে তাঁর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিলেন বেঙ্গালুরুর অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমার। ১৫ ম্যাচে ২৬ উইকেট নিয়ে ম্যাচে নামা ভুবনেশ্বর গুজরাতের বিরুদ্ধে দুর্দান্ত বোলিং করে চার ওভারে ২৯ রান খরচ করে দুটি উইকেট তুলে নেন। সাই সুদর্শন ও জেসন হোল্ডারকে ফিরিয়ে তিনি রাবাদার সমান ২৮ উইকেটে পৌঁছে যান এবং সাময়িকভাবে যুগ্মভাবে বেগুনি টুপির মালিক হন।
তবে সেই সমতা বেশিক্ষণ স্থায়ী হয়নি। দ্বিতীয় ইনিংসে নিজের তৃতীয় ওভারে দেবদত্ত পাড়িক্কলকে সাজঘরের পথ দেখিয়ে আবারও এগিয়ে যান রাবাদা। এক উইকেটের ব্যবধানে ভুবনেশ্বরকে পিছনে ফেলে ১৭ ম্যাচে ২৯ উইকেট নিয়ে এককভাবে বেগুনি টুপির মালিকানা নিশ্চিত করেন দক্ষিণ আফ্রিকার এই তারকা পেসার।
চলতি মরসুমে রাবাদার ইকোনমি রেট ছিল ৯.৬৮। অর্থাৎ প্রতি ওভারে গড়ে ৯.৬৮ রান খরচ করেছেন তিনি। তাঁর সেরা বোলিং ফিগার ২৫ রানে ৩ উইকেট এবং পুরো টুর্নামেন্টে একটি মেডেন ওভারও করেছেন।



















