আবাস যোজনায় ভুয়ো উপভোক্তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ, টাকা ফেরত না দিলে দায়ের হবে এফআইআর

আবাস যোজনায় ভুয়ো উপভোক্তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ, টাকা ফেরত না দিলে দায়ের হবে এফআইআর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা: আবাস যোজনার উপভোক্তা তালিকা পুনর্মূল্যায়ন ও পুঙ্খানুপুঙ্খ যাচাইয়ের কথা আগেই জানিয়েছিলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এবার এই প্রকল্পে ভুয়ো উপভোক্তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে হাঁটল রাজ্য সরকার। প্রশাসনের নির্দেশ, নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারি টাকা ফেরত না দিলে সংশ্লিষ্ট উপভোক্তাদের বিরুদ্ধে দায়ের করতে হবে এফআইআর।

আবাস যোজনায় অনিয়মের অভিযোগ নতুন নয়। অতীতেও একাধিকবার এই প্রকল্পের উপভোক্তা তালিকা নিয়ে প্রশ্ন উঠেছে। ইতিমধ্যেই রাজ্যের তালিকা থেকে প্রায় ১২ হাজার ভুয়ো উপভোক্তার সন্ধান পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে প্রায় এক হাজার উপভোক্তার কাছ থেকে টাকা উদ্ধার করেছে প্রশাসন। বাকি উপভোক্তাদের কাছ থেকেও টাকা ফেরত নেওয়ার উদ্যোগ শুরু হয়েছে।

নবান্ন ও পঞ্চায়েত দপ্তর সূত্রে খবর, ভুয়ো উপভোক্তাদের কাছ থেকে সরকারি টাকা ফেরত নেওয়ার জন্য প্রশাসনকে আগামী ডিসেম্বর মাস পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এই সময়সীমার মধ্যে টাকা ফেরত না দিলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছিলেন, আবাস যোজনায় বিপুল সংখ্যক আবেদন জমা পড়েছিল। কিন্তু যাচাইয়ের পর দেখা যায়, বহু অযোগ্য ও ভুয়ো আবেদনকারী উপভোক্তা তালিকায় জায়গা করে নিয়েছেন।

সেই পরিস্থিতিতে আবাস যোজনার সম্পূর্ণ তালিকা পুনর্মূল্যায়ন এবং প্রতিটি আবেদন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করার কথা ঘোষণা করেন মন্ত্রী। তাঁর বক্তব্য, কোনও যোগ্য ও প্রকৃত গৃহহীন মানুষ যাতে সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন, আবার কোনও অযোগ্য ব্যক্তি যাতে সেই সুবিধা না পান, তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। সেই উদ্দেশ্যে তালিকায় বেআইনিভাবে জায়গা পাওয়া ব্যক্তিদের বাদ দেওয়ার প্রক্রিয়াও শুরু হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top