কলকাতা —
যাদবপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় আহত হলেন একাধিক পথচারী। মঙ্গলবার রাতে ৮বি বাসস্ট্যান্ডের কাছে একটি দ্রুতগতির এসইউভি (থার) নিয়ন্ত্রণ হারিয়ে পরপর কয়েক জন পথচারীকে ধাক্কা মারে বলে অভিযোগ। এরপর একটি রিকশাতেও ধাক্কা লাগে গাড়িটির। রিকশাচালক ও এক মহিলা যাত্রী ছিটকে রাস্তায় পড়ে যান। দুর্ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্থানীয়রা গাড়িটিকে ঘিরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি ভাঙচুরও করেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ৮বি বাসস্ট্যান্ডের কাছে বাঁক নেওয়ার সময় গাড়িটির চালক নিয়ন্ত্রণ হারান। গাড়ির গতি বেশি থাকায় মুহূর্তের মধ্যেই দুর্ঘটনা ঘটে। প্রথমে কয়েক জন পথচারীকে ধাক্কা মারার পর একটি রিকশায় সজোরে আঘাত করে এসইউভিটি। ধাক্কায় রিকশাটি রাস্তার উপর উল্টে যায়। চালক ও মহিলা যাত্রী ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রাই আহতদের উদ্ধার করে কেপিসি হাসপাতালে নিয়ে যান। ঘটনায় আরও কয়েক জনের আঘাত লেগেছে বলে জানা গিয়েছে। দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। গাড়িটিকে ঘিরে ধরে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। চলে ভাঙচুরও।



















