পশ্চিমবঙ্গ —
তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদানের প্রায় ছ’বছর পর নিজের দলবদলের কারণ জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের পরামর্শেই তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। মঙ্গলবার একটি বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের রাজনৈতিক সিদ্ধান্তের নেপথ্যের কথা তুলে ধরেন তিনি।
সাক্ষাৎকারে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেন, “পিসি-ভাইপোর দল ছিল ওটা (তৃণমূল), অনেকটা বেসরকারি সংস্থার মতো। আমি সেখানকার কর্মী থাকব না বলে বেরিয়ে এসেছি। আমার আসল পরামর্শদাতা, অভিভাবক ছিলেন প্রণববাবু।”
তৃণমূল ছাড়ার সময় দলকে লেখা চিঠিতেও শুভেন্দু জানিয়েছিলেন, দলের দেওয়া সুযোগ ও চ্যালেঞ্জের জন্য তিনি কৃতজ্ঞ। চিঠিতে তাঁর বক্তব্য ছিল, “দল আমাকে যেসব সুযোগ ও চ্যালেঞ্জ দিয়েছিল, তার জন্য আমি কৃতজ্ঞ। একজন সদস্য হিসাবে দলে আমি যে মূল্যবান সময় অতিবাহিত করেছি, আজীবন তা স্মরণে রাখব।”
সেই সময় শুভেন্দুর তৃণমূল ত্যাগ বাংলার রাজনীতিতে অন্যতম আলোচিত ঘটনা হয়ে উঠেছিল। দীর্ঘ সময় পেরিয়ে এবার সেই সিদ্ধান্তের কারণ হিসেবে প্রণব মুখোপাধ্যায়ের পরামর্শের কথা সামনে আনলেন তিনি। পাশাপাশি তৃণমূলের সাংগঠনিক কাঠামো নিয়েও নিজের অসন্তোষের কথা স্পষ্টভাবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।



















