বিদেশ – মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে উত্তেজনা আরও বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গত মাসে হওয়া যুদ্ধবিরতি কার্যত আর কার্যকর নেই। একই সঙ্গে তিনি সতর্ক করে জানিয়েছেন, তাঁর ওপর কোনও হামলা হলে ইরানের বিরুদ্ধে অভূতপূর্ব সামরিক অভিযান চালানোর নির্দেশ আগে থেকেই দেওয়া রয়েছে।
এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, বহু বছর ধরেই ইরান তাঁকে হত্যার চেষ্টা করে আসছে। যদিও বর্তমানে তাঁর বিরুদ্ধে কোনও নতুন ষড়যন্ত্রের নির্দিষ্ট গোয়েন্দা তথ্য হাতে আসেনি বলেও তিনি উল্লেখ করেন। তবুও সম্ভাব্য যে কোনও হামলার জবাবে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ আগেই দেওয়া হয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্পের দাবি, তাঁর কোনও ক্ষতি হলে ইরানের ওপর এমন মাত্রার বোমা হামলা চালানো হবে, যা আগে কখনও দেখা যায়নি। পাশাপাশি তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র প্রস্তুত রয়েছে এবং প্রয়োজন হলে সেগুলি একযোগে ব্যবহার করা হবে।
অন্যদিকে, ইজরায়েলি গোয়েন্দা সূত্রে ট্রাম্পকে লক্ষ্য করে নতুন করে হামলার আশঙ্কার কথা সামনে এলেও, মার্কিন প্রেসিডেন্ট সেই দাবি গুরুত্ব দিতে চাননি। তাঁর বক্তব্য, তিনি দীর্ঘদিন ধরেই ইরানের সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় রয়েছেন। সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের সময় অবশ্য নিজের স্বভাবসুলভ রসিকতাও বজায় রাখেন তিনি।
এদিকে নিজের সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প জানান, ইরান আলোচনায় ফিরতে আগ্রহ প্রকাশ করেছে এবং সেই প্রস্তাবে আমেরিকাও সম্মত হয়েছে। তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন, দুই দেশের মধ্যে আগের যুদ্ধবিরতির অধ্যায় শেষ হয়েছে। এমন পরিস্থিতিতে নতুন করে ইরান-আমেরিকা উত্তেজনা বিশ্ব অর্থনীতি ও আন্তর্জাতিক কূটনীতিতে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।




















