কলকাতা: আগামীকাল বহু প্রতীক্ষিত কলকাতা ডার্বি। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে মোহনবাগান এসজি ও ইস্টবেঙ্গল। ম্যাচের আগে আলোচনায় উঠে আসছে আইএসএলের পরিসংখ্যান। আইএসএলের ইতিহাসে এখনও পর্যন্ত মোহনবাগানকে হারাতে পারেনি ইস্টবেঙ্গল। বর্তমানে লিগ টেবিলের শীর্ষে রয়েছে মোহনবাগান এসজি। অন্যদিকে, সপ্তম স্থানে রয়েছে ইস্টবেঙ্গল। তবে এই পরিসংখ্যান নিয়ে বিশেষ চিন্তিত নন লাল-হলুদের কোচ আন্তোনিও লোপেজ হাবাস।
সাংবাদিক সম্মেলনে হাবাস বলেন, “আইএসএলে এখনও পর্যন্ত ইস্টবেঙ্গলের কাছে অপরাজিত মোহনবাগান। কিন্তু আমরা এসব নিয়ে ভাবতে নারাজ। এমনিতেও মোহনবাগান আমাদের থেকে বেশি ম্যাচ খেলেছে। ক্রিসমাস বা নতুন বছরের শুরুতে বোঝা যাবে, কে কতটা এগিয়ে বা পিছিয়ে রয়েছে। ম্যাচে সেয়ানে-সেয়ানে টক্কর হবে। ফুটবলে সব কিছুই সম্ভব।”
ডার্বি হাবাসের কাছে পুরনো দলের বিরুদ্ধে নতুন দলের লড়াইও বটে। এর আগে মোহনবাগান এসজির কোচের দায়িত্ব সামলেছেন তিনি। সেই সময়েও ইস্টবেঙ্গল মোহনবাগানকে হারাতে পারেনি। তবে অতীতের পরিসংখ্যানকে গুরুত্ব দিতে নারাজ লাল-হলুদ কোচ। তাঁর মতে, শুধু আবেগ দিয়ে ম্যাচ জেতা যায় না। দলের প্রত্যেককে নিজের দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি রেফারির ম্যাচ পরিচালনার দিকেও নজর রাখতে হবে।
হাবাসের কথায়, এই একটি ম্যাচের ফলাফলের উপর লিগের ভাগ্য নির্ভর করছে না। ডার্বিতে যে দলই জিতুক, তাতে মোহনবাগান লিগ জিতে যাবে না, আবার ইস্টবেঙ্গলও লিগ থেকে ছিটকে যাবে না। তবে শেষ পর্যন্ত তিন পয়েন্ট পাওয়াই দলের প্রধান লক্ষ্য। ফলে অতীতের রেকর্ড ভুলে ডার্বিতে জয়ের জন্যই মাঠে নামতে চাইছে লাল-হলুদ শিবির।




















