মালদহ: অঙ্কন পরীক্ষায় এক পড়ুয়ার আঁকা মা সরস্বতীর ছবি ছিঁড়ে ফেলার অভিযোগে বড় পদক্ষেপ করল মধ্যশিক্ষা পর্ষদ। অভিযুক্ত শিক্ষক আফতাবউদ্দিনকে সাসপেন্ড করা হয়েছে। এর আগে অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করেছিল পুলিশ। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই এই পদক্ষেপ করা হয়েছে বলে জানা গিয়েছে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর স্পষ্ট বার্তা, দেবদেবীর অপমান করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি লালু দাস জানিয়েছেন, স্কুলশিক্ষা দপ্তরের প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমেই ওই শিক্ষকের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে। সংশ্লিষ্ট জেলার ডিস্ট্রিক্ট ইনস্পেক্টর ঘটনার রিপোর্ট পাঠিয়েছিলেন। সেই রিপোর্টের ভিত্তিতেই শিক্ষককে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঘটনার সূত্রপাত শুক্রবার মালদহের চাঁচলে। অভিযোগ, অঙ্কন পরীক্ষায় এক পড়ুয়া মা সরস্বতীর ছবি আঁকলে পরীক্ষক শিক্ষক আফতাবউদ্দিন তাঁকে বলেন, এই ছবি আঁকা যাবে না। শুধু তাই নয়, পড়ুয়ার আঁকা ছবিটিও ছিঁড়ে ফেলা হয় বলে অভিযোগ ওঠে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ওই পড়ুয়ার বাবা কমল রায় চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পাশাপাশি, প্রধান শিক্ষকের ঘরের বাইরে বিক্ষোভও দেখান অভিভাবক ও স্থানীয়রা। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে।
ঘটনা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, মধ্যশিক্ষা পর্ষদকে আগের দিনই অভিযুক্ত শিক্ষককে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছিলেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, “দেবদেবীর অপমান করলে ছাড়া হবে না।” তিনি আরও বলেন, প্রয়োজনীয় প্রমাণ পাওয়া গেলে চাকরি যাওয়ার মতো পদক্ষেপও করা হতে পারে।
মুখ্যমন্ত্রী আরও দাবি করেন, রাজ্যে সব ধর্মের মানুষের ধর্মপালনের স্বাধীনতা রয়েছে এবং কোনও ধর্মের দেবদেবী বা ধর্মীয় ভাবাবেগে আঘাত করা বরদাস্ত করা হবে না।




















