কলকাতা: মাধ্যমিক পরীক্ষার মেধাতালিকায় যাতে মূল্যায়নের কোনও ত্রুটির কারণে পড়ুয়াদের নম্বর কম-বেশি না হয়, তা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিতে চলেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। প্রথম ৩০০টি উত্তরপত্র তিনটি পৃথক স্তরে যাচাই করার পরিকল্পনা করা হচ্ছে। ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষা থেকেই এই বিশেষ ব্যবস্থা চালু হতে পারে।
পর্ষদ সভাপতি লালু দাস জানিয়েছেন, মেধাতালিকাকে ত্রুটিমুক্ত করার লক্ষ্যে এই পরিকল্পনা নিয়ে চিন্তাভাবনা চলছে। ইতিমধ্যেই প্রস্তাব আকারে বিষয়টি পর্ষদের কাছে জানানো হয়েছে।
প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, প্রথমে আগের নিয়ম মেনেই পরীক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়ন করবেন পরীক্ষকেরা। সেই প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রথম ৩০০টি খাতা বেছে নেওয়া হবে। এরপর তিনটি পৃথক স্তরে বিশেষজ্ঞদের দল ওই উত্তরপত্রগুলি যাচাই করবেন।
পর্ষদ সভাপতির কথায়, প্রাথমিক মূল্যায়নের প্রচলিত পদ্ধতি বজায় রেখেই অতিরিক্ত এই যাচাই প্রক্রিয়া চালু করার কথা ভাবা হচ্ছে। এর ফলে মেধাতালিকায় স্থান পাওয়া পরীক্ষার্থীদের নম্বর নির্ধারণে মূল্যায়নজনিত ভুলের সম্ভাবনা কমানো সম্ভব হবে বলে মনে করছে পর্ষদ।
তবে ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষায় এই ব্যবস্থা কার্যকর হবে কি না, তা এখনও চূড়ান্ত নয়। প্রস্তাবটি বাস্তবায়নের বিষয়ে পর্ষদের তরফে চিন্তাভাবনা চলছে।




















