কলকাতা: নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা উপনির্বাচনে জয়ের পর এবার রাজ্যের পুরসভাগুলিকে পাখির চোখ করল বিজেপি। সোমবার মুরলীধর সেন লেন থেকে ধর্মতলার ভিক্টোরিয়া হাউস পর্যন্ত বিজয় মিছিলের পর আয়োজিত জনসভা থেকে কলকাতা ও হাওড়া-সহ একাধিক পুরসভা দখলের ডাক দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, পুরসভাগুলিতেও বিজেপির ক্ষমতা প্রতিষ্ঠিত হলে রাজ্যে গড়ে উঠবে ‘ট্রিপল ইঞ্জিন’ সরকার।
পুজোর মরশুম শেষ হলে কলকাতা ও হাওড়া-সহ একাধিক পুরসভায় নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। ফিরহাদ হাকিমের মেয়র পদ থেকে পদত্যাগের পর কলকাতা পুরসভার প্রশাসনিক দায়িত্ব বর্তমানে কমিশনারের হাতে রয়েছে। হাওড়াতেও পুরপ্রশাসন পরিচালিত হচ্ছে প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে। এই পরিস্থিতিতে দুই গুরুত্বপূর্ণ শহরের পুরসভা নিজেদের দখলে আনার লক্ষ্যে রাজনৈতিক কর্মসূচি জোরদার করছে বিজেপি।
ভিক্টোরিয়া হাউসের সভা থেকে সমর্থকদের উদ্দেশে শুভেন্দু অধিকারী বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নের মূলমন্ত্রে ভরসা রেখে আপনারা রাজ্যে ডবল ইঞ্জিন সরকার গড়েছিলেন। এবার মুখ্যমন্ত্রীর আর্জিতে আপনাদের পুরসভাগুলিতে ‘ট্রিপল ইঞ্জিন’ দিতে হবে। হাওড়া ও কলকাতা পুরসভা আমাদের দিতে হবে, তবেই শহরের পরিকাঠামো ও নাগরিক পরিষেবায় আমূল পরিবর্তন সম্ভব হবে।”
বিজেপির বক্তব্য, রাজ্য সরকারের পাশাপাশি পুরসভাগুলিতেও একই দলের সরকার থাকলে উন্নয়নমূলক কাজ ও নাগরিক পরিষেবা পরিচালনায় সমন্বয় বাড়ানো সম্ভব। কলকাতা ও হাওড়ার পরিকাঠামো উন্নয়ন, রাস্তা, নিকাশি এবং অন্যান্য নাগরিক পরিষেবাকে সামনে রেখেই পুরসভা নির্বাচনের প্রস্তুতি নিতে চাইছে দল।
তবে পুরসভা নির্বাচনে শেষ পর্যন্ত কোন দল কতটা সমর্থন পায়, তার উত্তর মিলবে ভোটের ফলেই। আপাতত উপনির্বাচনের সাফল্যকে সামনে রেখে আসন্ন পুরভোটের লড়াইয়ে সংগঠনকে আরও সক্রিয় করার বার্তা দিল বিজেপি।




















